অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে উদ্ধার ৪৮ মালয়েশিয়াগামী টেকনাফে ফিরে এসেছে। সোমবার ভোর ৫টায় শ্যামলী পরিবহনযোগে তারা টেকনাফ এসে পৌঁছান বলে জানান টেকনাফ রেড ক্রিসেন্ট অফিস ইনচার্জ আব্দুল মতিন। শ্রীলংকান বিমানযোগে রবিবার সকালে ৬১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়। গত ৩ ফেব্রুয়ারী সাগরে ভাসমান অবস্থায় শ্রীলংকান নৌবাহিনী ১৩৯ জনকে উদ্ধার করে। এতে ৬১ বাংলাদেশির মধ্যে টেকনাফের ৪৮ জন, কক্সবাজারের ৫ জন, মহেষখালীর ৪ জন, ভারুয়াখালীর ১ জন, চকরিয়ার ১ জন, ময়মনসিংহের ১ জন, নাইক্ষ্যংছড়ির ১ জন রয়েছেন। ট্রলার মাঝি কক্সবাজার কুতুবদিয়া পাড়ার লাল মিয়ার পুত্র মো. শরীফকে বিমান বন্দর এলাকা থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আটক করে নিয়ে যায় বলে ফেরত আসা লোকজন জানিয়েছে।
মৃত্যুর কোল থেকে ফিরে আসা টেকনাফের এনামুল হক জানান, গত ৯ জানুয়ারী রাতে মানব পাচার চক্রের মাধ্যমে টেকনাফ সাবরাং কাটাবনিয়া ও খুরেরমুখ এলাকা দিয়ে ১৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে বিভিন্ন স্থানে ৪ বার মিয়ানমার নৌবাহিনী আটক করেও ছেড়ে দেয়। এভাবে তাদের ১৭ দিন চলে যায়। এরপর কোনমতে থাইল্যান্ড সীমান্তে পৌঁছালে মাঝি মো. শরীফ দালালের সাথে গড়িমসি করতে গিয়ে নৌবাহিনীর হাতে আটক হয়। কিন্তু এরাও গভীর সাগরে নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেয়। একদিন পর ট্রলারে তেল, খাদ্য, পানি শেষ হয়ে ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসতে ভাসতে ২৩ দিনের মাথায় ৩ ফেব্রুয়ারী শ্রীলংকা দ্বীপের কাছাকাছি পৌঁছালে মাছ ধরার ট্রলারের সাহায্যে শ্রীলংকান নৌবাহিনী ১৩৯ জনকে উদ্ধার করে। ওইদিনই একজন মারা যায়। উদ্ধার লোকজনের মধ্যে ৬১ বাংলাদেশি ও ৭৭ মিয়ানমার নাগরিক। ফেরত আসা এনামুল আরো বলেন, সাবরাং খুরেরমুখ এলাকার জালালের ছেলে আবুল হাসেমের সাথে মালয়েশিয়া পাড়ি দিতে ১ লাখ ৪০ হাজার টাকা চুক্তিতে নগদ ২২ হাজার টাকা দেয়া হয়। থাইল্যান্ড পৌঁছালে ১ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দিলে মালয়েশিয়া নিয়ে যাবে। তিনি বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসব তা কল্পনাও করিনি। উল্লেখ্য, মানব পাচারকারী চক্র সাবরাং মুন্ডার ডেইল, খুরের মুখ, কাটাবনিয়া, শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলাপাড়া এলাকা দিয়ে পাচার করে থাকে।
