দুই বছর সাজা ভোগের পর গতকাল সোমবার দুপুরে ৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত। বেলা সাড়ে ১১টায় সোনামসজিদ সীমান্তে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
পরে শিবগঞ্জ থানা পুলিশ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে তাদের হস্তান্তর করে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার আ্যাাডভোকেট ইয়াসমিন আরা খুশী জানান, পুরুষ ৫ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৩ নারী রুমা, জাহানারা ও ফরিদাকে সোমবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সেফ হোমে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, ভারত থেকে ফিরে আশা বাংলাদেশিরা হল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামসা গ্রামের কায়েস আলীর ছেলে নাজিবুল, আওয়াল আলীর ছেলে জাহাঙ্গীর হক, শিবগঞ্জ উপজেলার পারচৌকা (রামবাটি) গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিয়ারুল হক, চরজগন্নাথপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাজু আলী, ঠোটাপাড়া গ্রামের মৃত আরশান আলীর ছেলে আবু বাক্কার, নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার বিশুরা গ্রামের সবুজ শেখের মেয়ে রুমা শেখ, যশোর জেলার শারশা উপজেলার বিতাআছরা গ্রামের মৃত লুত্ফর রহমানের মেয়ে জাহানারা বিশ্বাস ও ফরিদপুর জেলার সালচা থানার ঘোগারদিয়া গ্রামের সিরাজ কাজীর মেয়ে ফরিদা কাজী ।
জানা যায়, ৩ জন নারীসহ এ ৮ বাংলাদেশি কাজের সন্ধানে অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় বিএসএফের হাতে ধরা পড়ে।
