কলাপাড়ায় জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫১
ঘূর্ণিঝড় ‘মহাসেন’ শেষ হলেও পাঁচদিনেও স্বাভাবিক হয়নি সমুদ্র উপকূলীয় কলাপাড়ার মানুষের জীবনযাত্রা। হাজার হাজার পরিবার দুর্বিষহ জীবনযাপন করলেও কোন ত্রাণ পৌঁছেনি তাদের মধ্যে। সরকারিভাবে উপজেলায় ১২ হাজার ৩৭২ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত, খুব বেশি ৯ হাজার ৬৫৪ ও ২২ হাজার ৫৬৪টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও ৭৮ টন চাল। কলাপাড়া পৌর শহরে সাড়ে ৭ টন ও ৫০ হাজার টাকা, কুয়াকাটা পৌরসভায় সাড়ে ৪ টন চাল ও ৪০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। সরেজমিনে কলাপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। মাইলের পর মাইল রাস্তা ভাঙ্গা, গাছ পড়ে বন্ধ সড়ক যোগাযোগ। ফসলি ক্ষেত এখনো ৩/৪ ফুট পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে বাদাম, মরিচ, শাক-সবিজ ও আউশের ক্ষেত। গ্রামের হাজার হাজার পরিবার সর্বস্ব হারিয়ে ক্ষুধা ও বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে থাকলেও তাদের পাশে দেখা যায়নি কোন জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের। লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের জরিনা বেগমের (৭০) রামনাবাদ নদীর ভাঙ্গনকবলিত এলাকায় বাঁধের পাশের ছোট্ট ঝুপড়ি ঘর মহাসেনে বিধ্বস্ত হয়েছে। জরিনা জানান, ‘ঝড় আইলেই মোর ঘর ভাঙ্গে’। এ জরিনার মতো লালুয়া ইউনিয়নের রামনাবাদ নদীর ভাঙ্গন ও মহাসেনের তাণ্ডবে তিন হাজার ৩৩৪টি পরিবার এখন নিঃস্ব। সরকারিভাবে এখানে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র সাড়ে পাঁচ টন চাল। নাওয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. তারিকুল ইসলাম জানান, শত শথ মানুষ সর্বস্ব হারিয়ে ত্রাণের জন্য ঘুরলেও তাদের সহায়তায় কেউ এগিয়ে আসছে না। একই অবস্থা উপজেলার ১২টি ইউনিয়নেই। ক্ষতিগ্রস্ত লালুয়া, চম্পাপুর, ধানখালী, নীলগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগঃ মেম্বার চেয়ারম্যানরা এলাকায় না গিয়ে ঘরে বসে নিজেদের ইচ্ছামতো ক্ষয়ক্ষতির হিসাব অফিসে পাঠাচ্ছে। লালুয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস জানান, তার ইউনিয়নে মাত্র সাড়ে পাঁচশ মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করতে পারবেন। অথচ ক্ষতিগ্রস্ত হাজার। রবিবার সকালে চাল বিতরণ শুরু হলে ক্ষতিগ্রস্তদের লাইনে তাদের সবাইকে চাল দিতে পারেনি। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মালেক খান জানান, তার ইউনিয়নে পাঁচ হাজার ৮শ পরিবার ক্ষতিগ্রস্ত হলেও রবিবার সকালে মাত্র সাড়ে পাঁচ টন চাল বরাদ্দ পেয়েছেন। ২০ কেজি করে মাত্র ২৭৫ পরিবারকে এ চাল দিতে পারবেন। গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণের জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করা শেষ হয়েছে।