লসএঞ্জেলেস থেকে সেনেগালের রাজধানী ডাকারে যাওয়ার পরিকল্পনা ছিল এক মার্কিন দম্পতির। কিন্তু এয়ারপোর্ট কোড গুলিয়ে ফেলার কারণে তারা এসে পড়লেন ৭ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইলে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
স্যান্ডি ভালদিভিসিও এবং তার স্বামী ট্রিয়েট ভো চেয়েছিলেন টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে লসএঞ্জেলেস থেকে ডাকার যাবেন। ডাকারের এয়ারপোর্ট কোড হলো ‘ডিকেআর’ আর ঢাকার কোড হলো ‘ডিএসি’। শেষ পর্যন্ত মাথা না খাটিয়ে তারা প্লেনে উঠে পড়েন। বিমানের যাত্রার পর একজন ক্রু জানালেন, তারা ঢাকার পথে রয়েছেন। ভালদিভিসিও মনে করছিলেন, তুর্কি ক্রু ‘ডাকার’ উচ্চারণে ভুল করছেন। কিন্তু তারা ফ্লাইট ম্যাপ দেখে নিশ্চিত হলেন—বিমান ঢাকা অভিমুখে যাচ্ছে। ঢাকায় পৌঁছানোর নয় ঘন্টা পর তারা সেনেগালের ফ্লাইট ধরেন। এ দম্পতি জানান, তারা ডাকারের জন্য টিকিট কাটলেও ভুল করে টিকিটের উপর ঢাকার বিমানবন্দরের কোড দেয়া হয়েছিল। ঢাকায় পৌঁছানোর পর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তাদের ইস্তাম্বুল নেয়া হয়। পরে ডাকারের প্লেন ধরিয়ে দেয়া হয়। এজন্য তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া নেয়া হয়নি। কিন্তু তারা এয়ারলাইন্সের এ ভুলের জন্য এখন ক্ষতিপূরণ দাবি করছেন।
