সামরিক ট্রাইব্যুনালে কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসির রায়কে হাইকোর্ট দেশের ইতিহাসে কলংকময় অধ্যায় উল্লেখ করে এই মৃত্যুদণ্ডকে ঠান্ডা মাথার খুন হিসেবে গণ্য করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই খুনের জন্য দায়ী কেউ জীবিত থাকলে তাকে খুঁজে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর অভিমত দেয়া হয়েছে। রায়ে বলা হয়, যে অপরাধের জন্য কর্নেল তাহেরকে অভিযুক্ত করা হয়েছিলো -সেই অপরাধে মৃত্যুদণ্ডের কোন বিধান ছিলো না। সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান ছিলো। কিন্তু ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিয়ম-নীতি লংঘন করে এই বেআইনী দণ্ড দিয়েছিলো। রায়ে কর্নেল তাহেরের সহযোদ্ধা মেজর জিয়াউদ্দিন বীরউত্তমসহ সামরিক বাহিনী থেকে বরখাস্তকৃতদের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তারা পূর্ণ মেয়াদে চাকরিতে বহাল ছিলেন গণ্য করে সমস্ত বকেয়া বেতন, পেনশনসহ অন্যান্য সুবিধাদি ও পদোন্নতির বিষয় বিবেচনা করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। রায়ে দণ্ডিতের তালিকা থেকে রিটকারীদের নাম মুছে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন গতকাল সোমবার এ রায়ে স্বাক্ষর করেন। এর আগে ২০১১ সালের ২২ মার্চ হাইকোর্ট এ রায় ঘোষণা করে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারক হিসাবে কর্মরত রয়েছেন। ১৯৭৬ সালে গোপন সামরিক আদালতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহের, মেজর জলিল, আসম রব, হাসানুল হক ইনুসহ জাসদ ও সেনাবাহিনীতে কর্মরত সৈনিক সংস্থার বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগ ছিলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত বসিয়ে সম্পূর্ণ নিয়ম-নীতি লংঘন করে এক তরফা বিচারের মাধ্যমে ওই বছরের ১৭ জুলাই কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড এবং অন্যদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়।
এই বিচারকে অবৈধ দাবি করে ২০১১ সালের মার্চ মাসে হাইকোর্টে চারটি রিট আবেদন দায়ের হয়। কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও একই বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তার আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ রিট করেন। রিট আবেদনের পর গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একই সঙ্গে বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না-তা জানাতে সরকারকে নির্দেশ দেয়া হয়। কিন্তু সরকার কোনো নথি আদালতে দাখিল করতে পারেনি। রুল জারির পর জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রবিউল আলম ও মেজর (অব.) জিয়াউদ্দিন বীর উত্তমসহ ছয়জন আরো তিনটি আবেদনের মাধ্যমে এই রিটে অন্তর্ভুক্ত হন। ওই বছরের ১১ মার্চ হাইকোর্ট সামরিক ট্রাইব্যুনালে তাহেরের বিচার ও ফাঁসির রায়কে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায় ঘোষণার দীর্ঘদিন পর ১৯৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গতকাল প্রকাশ করা হয়।
রায়ে তাহেরের মৃত্যুদণ্ডকে ঠান্ডা মাথার খুন হিসাবে অভিহিত করে এর জন্য জেনারেল জিয়াউর রহমানকে দায়ী করা হয়। রায়ে বলা হয়, ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন। যেহেতু জেনারেল জিয়াউর রহমান জীবিত নেই, আইন অনুযায়ী তার বিচার সম্ভব নয়। রায়ে হাইকোর্ট তাহেরকে একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশের গৌরব বলে উল্লেখ করেন। তার হত্যাকাণ্ডকে দেশের ইতিহাসে একটি কলংকময় অধ্যায় হিসাবে উল্লেখ করে তাহেরের ফাঁসিকে নিরংকুশ খুন বলে অভিহিত করা হয়েছে। এছাড়া কর্নেল তাহেরের বিচারের জন্য জারি করা সামরিক আইন অধ্যাদেশ ও সামরিক আইন ট্রাইব্যুনালকে অবৈধ ও বেআইনী ঘোষণা করে রায়ে বলা হয়, ১৯৭৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিচার করা ছিল চিরকালের জন্য অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত। রায়ে বলা হয়, লে. কর্নেল আবু তাহের বীরউত্তম, ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খান বীরবিক্রম, প্রফেসর আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, রবিউল আলম, মেজর জিয়াউদ্দিন, কর্পোরাল শামসুল হক, হাবিলদার আবদুল হাই মজুমদার ও মো. আবদুল মজিদকে দেয়া শাস্তি অবৈধ ও বাতিল। তাদের নাম অপরাধীর তালিকা থেকে বাদ দিতে হবে। রায়ে মেজর জিয়াউদ্দিন, কর্পোরাল শামসুল হক, হাবিলদার আবদুল হাই মজুমদার ও মো. আবদুল মজিদকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা অবৈধ ঘোষণা করা হয়। একইসঙ্গে তারা চাকরিতে পূর্ণ মেয়াদে বহাল ছিলেন ধরে নিয়ে তাদের বেতন-ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা রায় প্রাপ্তির ১৮০ দিনের মধ্যে দিতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। রায়ে সংবিধানে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া রায় উল্লেখ করে বলা হয়, ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে জারি করা সকল সামরিক ফরমান শুরু থেকেই অবৈধ ও বাতিল। তাই ওই (কর্নেল তাহেরের বিচারের জন্য জারি করা অধ্যাদেশ) ফরমান অবৈধ ও বাতিল। এমনভাবে বাতিল -যেন এ আইনের অস্তিত্ব কোনোদিন ছিল না।
রায়ে বলা হয়, কর্নেল তাহেরকে শুধু হত্যা করা হয়নি -তার পরিবারের কাছ থেকে তাকে কেড়ে নেয়া হয়েছে। এর জন্য কোন ক্ষতিপূরণই তার পরিবারের কাছে উপযুক্ত হবে না। তথাপি এই আদালত মনে করে, কর্নেল তাহেরের পরিবারকে রাষ্ট্র উপযুক্ত ক্ষতিপূরণ দিতে পারে।
একইসঙ্গে তাহেরকে দেশদ্রোহের অভিযোগ মুছে দিয়ে মহান দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করে শহীদের মর্যাদা দিতে নির্দেশ দেয়া হলো।
হাইকোর্ট রায়ে তাহেরের মৃত্যুদণ্ডাদেশকে খুন হিসেবে চিহ্নিত করার জন্য সরকারের ওপর নির্দেশ প্রদান করা ছাড়াও অন্য সকল রিট আবেদনকারীর নাম দণ্ডিতদের তালিকা থেকে মুছে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে। রায়ে বলা হয়, যেদিন সামরিক বিধি জারি করা হয়েছে তার পরদিনই ট্রাইব্যুনাল তথাকথিত বিচারকার্য শুরু করে। আদালত বলে, পঞ্চম ও সপ্তম সংশোধনী মামলার রায়ের পর এটি অত্যন্ত পরিষ্কার যে সামরিক আদালতে এই বিচার করেছে- সেই আদালতের আদৌ কোনো বিচারিক এখতিয়ার ছিলো না। এই মামলার রায়ে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, লরেন্স লিফশুলজ নামক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মার্কিন সাংবাদিকের সাক্ষ্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লিখিত বইয়ে এ বিচার নিয়ে লেখা বিবেচনায় আনা। রায়ে উল্লেখ করা হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ তার ‘ডেমোক্রেসি এন্ড চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট :এ স্ট্যাডি অব পলিটিক্যাল এন্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ বইয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন যে, এই বিচারের ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার জন্য মনস্থির করেছিলেন। জেনারেল মঞ্জুরের উদ্ধৃতি দিয়ে লরেন্স লিফশুলজও একই বক্তব্য তার সাক্ষ্যে প্রতিধ্বনিত করেন। আদালত এ প্রসঙ্গে বলেছে, যেহেতু ব্যারিস্টার মওদুদ আহমদ জেনারেল জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি জেনারেল জিয়ার মুখ থেকে এই কথাগুলো শুনেছেন বলে তার বইয়ে দাবি করেছেন সেহেতু তাকে অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। এছাড়াও তত্কালীন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ড. এমএম শওকত আলী এবং সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের লিখিত দাবিসহ অ্যামিকাস কিউরি ও জ্যেষ্ঠ আইনজীবীদের মতামতের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্তে আসেন যে, কর্নেল তাহেরের মৃত্যুর মূল আসামি জেনারেল জিয়াউর রহমান। রায়ে বলা হয়, তথাকথিত বিচারকে কোনো অবস্থায়ই বিচার বলে বিবেচনা করা যায় না। কারণ তাহেরের বিচার উপর ওয়ালাদের নির্দেশে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। সামরিক আদালতের বিচারকরা যে রায় দিয়েছেন তা ছিলো নেহায়েতই দেয়ার ‘মাস্টারস ভয়েজ’। এখানে আসামিদের আইনজীবী নিয়োগ ও আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষীদের জেরা করার সুযোগ দেয়া হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে কি অভিযোগ- তাও পড়ে শোনানো হয়নি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি- তারা দোষী না নির্দোষ। তাদের সাফাই সাক্ষীর সুযোগ দেয়া হয়নি। সুযোগ দেয়া হয়নি আত্মীয়-পরিজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের। এফআইআর ও চার্জশিটের কোনো কপিও দেয়া হয়নি। এছাড়া অপরাধ আমলে নেয়ার বিধান ছিলো না। একটি ফৌজদারি মামলায় যে সকল প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক- তার কোনো কিছুই অনুসরণ করা হয়নি। রায়ে বলা হয়, বিচার হয়েছে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। ট্রাইব্যুনালের অন্য সদস্যের সামনে কোনো নথি উপস্থাপিত হয়নি। অপরাধ আমলে নেয়ার বিধান ছিলো না। মোট কথা একটি ফৌজদারি মামলায় সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এই মামলার এফআইআর, চার্জশিট ও রায়ের কপিসহ সকল নথি গায়েব করে দেয়া হয়েছে। সে কারণে আদালত বাধ্য হয়েছে বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে।
রায়ের শেষে প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের কিছু কথা উদ্ধৃত করা হয়। যা পরবর্তীকালে তার দেয়াল উপন্যাসে লিপিবদ্ধ হয়েছে। এতে বলা হয়েছে, ‘প্রহসনের এক বিচার শুরু হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। .....কর্নেল তাহেরসহ অভিযুক্ত সর্বমোট ৩৩ জন। মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার।.....মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি, আপনার মত ক্ষুদ্র মানুষ দেখিনি।’
প্রসঙ্গত এ রিট মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ড. এম জহির, অ্যাডভোকেট এম আই ফারুকী প্রমুখ শুনানিতে অংশ নেন। এ ছাড়া রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ড. শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী, হাসানুল হক ইনু, সাবেক আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের তত্কালীন দক্ষিণ এশিয়া প্রতিনিধি সাংবাদিক লরেন্স লিফশুলজ, জাসদ নেতা বদরুল আলমের বক্তব্য শোনে আদালত। যুক্তরাষ্ট্র থেকে লিখিত বক্তব্য পাঠান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু।
