হাতে একটি থালায় ভাত ও সামান্য তরকারি। একজন বৃৃদ্ধ আর তার হাত ধরে ছোট একটি মেয়ে। সম্ভবত বৃদ্ধের নাতনী। নাতনীটি দাদুর হাত ধরে পথ চলতে সহায়তা করছে। কী দাদু কই গেছিলেন?- জিজ্ঞেস করতেই ঝাপসা চোখ তুলে বললেন, ‘নাতনী খিদা খিদা হইর্যা মোরে এক্কালে জালাইয়া মারছে, টেকতে না পাইর্যা ওই বাড়ি যাইয়্যা নাতনীডার লইগ্যা দুগ্গা ভাত চাইয়া আনছি’। বৃদ্ধের নাম রমজান আলী। ছেলে কামালের সাথে পায়রা পাড়ের বাঁধের ওপর থাকেন। বন্যায় ছেলের নৌকা হারিয়ে গেছে। দু’দিন ধরে কামাল নৌকার খোঁজে পায়রার পাড় ধরে ছুটছেন। ‘ঘর নাই। ঘরে কিছু ছিল না?’ প্রশ্ন করতেই বৃদ্ধ বলে উঠেন, ‘ঘরই নাই বাবা, চাউল ডাইল পামু কই।’ বলতে বলতে বৃদ্ধের দুর্বল চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসে।
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙাশিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে প্রায় শতাধিক পরিবারের অবস্থা এখন এমন। গতকাল সোমবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পায়রা নদীর পাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের অধিকাংশ বাসিন্দাদের বাড়ি ঘরের চিহ্নটুকু পর্যন্ত নেই। ঘরের মেঝে ও ভাঙা চুলো দেখে বোঝা যায় এখানে মানুষের বসতি ছিল। বাঁধের ওপরে ছাউনি দিয়ে কোনমতে কাটাচ্ছেন আবদুল মালেকের পরিবার। মালেকের স্ত্রী আকলািম বলেন, ‘আমার স্বামী মাছ ধইর্যা আমাগো সংসার চালায়। বইন্নায় হের নৌকা ভাইঙ্গা হালাইছে, মাছ বেইচ্চা চাউল ডাইল কিইন্না আনে। একখান ঘর আলহে (ছিল) হেই ঘরহান বাতাসে কই লইয়া গ্যাছে খবরও নাই। পোলাপান লইয়া কি যে কষ্টে আছি হ্যা আমহেগো কইতে পারমু না। কেউ মোগো কোন খোঁজ-খবর লয় নায়, এক সের চাউলও দেয় নায় কেউ। সরমের কতা কী কমু। এই কয় দিন মানষের দারে চাইয়া আইন্না খাইছি।’
এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান সেলিম বলেন, ‘এই এলাকার প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এদের অধিকাংশ ভূমিহীন জেলে। বাঁধের বাইরে এদের বসতি। ফলে ঝড়ে প্রায় সবাই ঘর হারিয়েছে। আমরা সরকারের যে সহায়তা পেয়েছি তা প্রয়োজনের তুলনায় এতই কম যে উল্লেখ করার মতো না।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষখালী, বলেশ্বর ও পায়রার বাঁধের বাইরের ও তীরবর্তী হতদরিদ্র প্রান্তিক জেলেরা। এদের অধিকাংশেরই বেঁচে থাকার অবলম্বন নৌকাটি ও বাঁধের ওপরের আশ্রয়টুকু হারিয়েছেন। এসব এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি বা বেসরকারি কোন সহায়তাই পৌঁছেনি এসব এলাকায়।
সোনাতলা এলাকার জেলে কাইউম মাঝি বলেন, ‘বাইরে কোন জাগা জমি নাই, হেইতে এই অবদার ( বাঁধের) উফরে ঘর বানাইয়া পরিবার লইয়া থাহি। মাছ পাইলে খাই, না পাইলে ধার দেনা হরি। বইন্নায় ঘরও গ্যাছে, নৌকা হানও গ্যাছে। এহানে কোন ভদ্দর লোক আইতে চায় না। মোগো খালি ভোটের কালে লাগে। এই চাইর দিন খাইয়া না খাইয়া পোলা মাইয়া লইয়্যা কোন মতে বাইচ্চা আছি।’ সোনাতলা এলাকায় কাইউমের মতো প্রায় শতাধিক পরিবারের এখন মহাদুর্দিন। আশ্রয় নেই, খাবার নেই, নেই বেঁচে থাকতে রোজগারের বাহনটিও।
আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হাবিব বলেন, আমার এলাকার নদী তীরবর্তী প্রায় ১৫ হাজার জেলে পরিবার এখন চরম দুর্ভোগে কাটাচ্ছে। সরকারের পক্ষ যে সহায়তা দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ অবস্থায় আমরা এখন ওইসব এলাকায় যেতেও পারছি না।
