তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেয়ার নির্দিষ্ট অভিযোগ আছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্য মন্ত্রী বলেন, আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়নি। তারা নিয়ম মেনে অন্য যে কোন প্রেস থেকে ছেপে পত্রিকা প্রকাশ করতে পারে। মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে শনিবার ১৫ সম্পাদকের দেয়া বিবৃতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সব কিছু খতিয়ে না দেখে সম্পাদকরা যেভাবে বিবৃতি দিয়েছেন তা গণমাধ্যমের জন্য মঙ্গলজনক নয়। আশা করি তারা আমাদের যুক্তি গ্রহণ করবেন, ভবিষ্যতে তারা আর মাহমুদুরের পক্ষে ওকালতি করবেন না। মাহমুদুর রহমান সংবাদপত্র জগতে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন। সাংবাদিকতার সুযোগ নিয়ে তা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে কাজে লাগিয়েছেন। সম্পাদকরা এভাবে বিবৃতি দেয়ায় গণমাধ্যম কর্মীদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বেসরকারি টেলিভিশন নীতিমালা চূড়ান্ত করা হবে। নীতিমালাটি জারি হওয়ার পর টেলিভিশনগুলো তার আলোকেই চলবে। সাংবাদিক সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমার দেশ ‘হ্যাকিং’ বা চুরি করে প্রকাশ এবং মিথ্যা-উস্কানিমূলক সংবাদ ও ছবি ছেপে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, উন্মাদনা সৃষ্টি করেছে। এগুলো ফৌজদারি ও তথ্য-প্রযুক্তি আইনে অপরাধ। তাই নির্দিষ্ট অপরাধে দায়ের মামলার ভিত্তিতেই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সংবাদপত্রের যেমন স্বাধীনতা রয়েছে, তেমন দায়িত্বশীলতাও রয়েছে। মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে সামপ্রদায়িক উস্কানিমূলক সংবাদ এবং প্রযুক্তিগত কারসাজি করা ছবি প্রকাশ করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চেষ্টা করছিলেন।
মন্ত্রী বলেন, পরওয়ানা নিয়েই আমার দেশের ছাপাখানায় তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে আপত্তিকর সরঞ্জাম পাওয়া গেছে। সেখানে আরো তল্লাশি চালানো হবে। বিচার কার্যের স্বার্থে যতোক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে, ততোক্ষণ পত্রিকার ছাপাখানা বন্ধ থাকবে। আমার দেশের ডিক্লারেশন বাতিল করা হয়নি। তল্লাশি শেষ না হলে ছাপাখানা খুলে দিতে পারছি না। অন্য ছাপাখানা থেকে তারা পত্রিকা ছাপাতে পারে। অন্য ছাপাখানা থেকে পত্রিকা ছাপাতে হলে যে পক্রিয়া অনুসরণ করতে হয় তা না করায় সংগ্রামের ছাপাখানার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে।
তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। সরকার গতচার বছরে সরকারবিরোধী মতামত প্রকাশ, রাজনৈতিক বক্তব্য প্রকাশ করার জন্য কোনো সংবাদ মাধ্যম বন্ধ বা এ সংক্রান্ত আইন করেনি।
মন্ত্রী বলেন, দিগন্ত ও ইসলামিক টিভির সমপ্রচার সাময়িকভাবে বন্ধ করে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। তারা যে জবাব দিয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তাদের উত্তরে প্রশাসন সন্তুষ্ট হলে আবার সমপ্রচার শুরুর অনুমতি দেয়া হবে। তারা সমপ্রচারের শর্ত লঙ্ঘন করেছে।
