রংপুরে হরতালে গাড়িতে আগুন ভাংচুর

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রংপুর বিভাগের ৮ জেলায় ডাকা গতকাল সোমবার অর্ধদিবস হরতালের আগের রাতে রংপুর নগরীর কাচারি বাজার এলাকায় একটি ট্রাকসহ বেশ কয়েকটি অটো রিকশা ভাংচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সমর্থনকারীরা। নগরীর মেডিক্যাল মোড়, পার্কের মোড়, বাস টার্মিনাল, সুপার মার্কেটসহ বিভিন্ন জায়গায় অটো বাইক, রিকশা, বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। হরতাল চলাকালে গতকাল দুপুরে নগরীর মেডিক্যাল পূর্বগেট এলাকায় ১টি মোটর সাইকেল ভাংচুর ও তাতে অগ্নিসংযোগ এবং টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে ছাত্রদলের নেতা-কর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছিল। নাশকতার অভিযোগে রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিসুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) মাহফুজ-উন-নবী ডন, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন, যুবদলের জেলা সাংগঠনিক সম্পাদক শামছুল হক ঝন্টু, যুবদল নেতা তারেক হাসান সোহাগ, আরিফ হোসেনসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে ককটেল ও বোমা হেফাজতে রেখে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কোতয়ালী থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী ও এসআই শাহজাহান আলী বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নেতা-কর্মীর নামে ২টি মামলা দায়ের করেছেন। মামলা ২টিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন রইচ আহমেদ, আনিসুর রহমান লাকু, মাহফুজ-উন-নবী ডন, আনোয়ার হোসেন আলমগীর, জহির আলম নয়ন, তারেক হাসান সোহাগ, শামছুল হক ঝন্টু, আরিফ হোসেন, লিটন পারভেজ, সোহাগ দাড়িয়া, ইমরান, জীবন, হারেছ, মিঠু, নাঈম, মাসুম, স্বাধীন, রাজু, মাসুদ, আবদার, খোকন, আরমান ও রনি। গতকাল দুপুরে হরতালের সমর্থনে এবং নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে র্যাব ও বিপুলসংখ্যক পুলিশ দলীয় কার্যালয় গেটেই তাদের বাধা দেয়। আট জেলায় ঢিলেঢালা হরতাল গাইবান্ধা প্রতিনিধি, রাজারহাট সংবাদদাতা ও সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, রংপুর বিভাগের ৮ জেলায় গতকাল সোমবার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে ঢিলে ঢালাভাবে আধ বেলা হরতাল পালন করা হয়। বিএনপি দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুগ্ম আহ্বায়ক বরকতুল্লাহ ভুলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের নিঃশর্ত মুক্তি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল আহবান করা হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে গতকাল হরতালের সমর্থনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এনিয়ে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় জেলা ছাত্রদলের আহবায়ক আতিক হাসানসহ ৫ কর্মী আহত হয়। এসময় নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কে ৫/৬টি যানবাহন ভাংচুর করে। পলাশবাড়ী থানার ওসি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। রাজারহাটের উপজেলা সদর বাজারে হরতালের দিনেও ব্যবসায়-প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংক-বীমা, সরকারি-আধা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা ছিল। রাজারহাট ও নীলফামারীর সৈয়দপুরে হরতালে যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।