কথাপ্রিয় মন্ত্রীদের কম কথা বলার পরামর্শ দিলেন মোহাম্মদ নাসিম

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনকালীন সময়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে তার প্রধান থাকবেন বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী। বিশ্বের সকল সংসদীয় গণতান্ত্রিক দেশেও এমন বিধান রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে কেউ চাইলে সংসদে আলোচনা হতে পারে। আগামী বছরের জানুয়ারি মাসে অথবা এর আগেও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান তিনি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘আবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন-জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে কোথাও সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অনুমতি নিয়ে সভা সমাবেশ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্ট হলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটের পর সব দ্বিধা কেটে গেছে। তিনি ‘কথাপ্রিয়’ মন্ত্রীদের কথা কম বলারও পরামর্শ দেন। সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।