ঢাকাস্থ বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি বা ব্যক্তিবর্গের ঢাকার বাইরে সফর বা পরিদর্শন নিরুত্সাহিত করতে বলা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে এ সকল ব্যক্তির সফরকালে অনুষ্ঠান স্থল, অবস্থান স্থল বা বিভিন্ন স্থানে গমনাগমনের সময়ে নিরাপত্তা নজরদারিসহ পর্যাপ্ত পুলিশী প্রহরা বা পুলিশ স্কটের ব্যবস্থা করতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালকের সই করা এ সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিবকে দেয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এর সত্যতা স্বীকার করেছে।
নির্দেশনা পত্রে দেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতির উল্লেখ করে কমপক্ষে দুটি পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশ দুটি হচ্ছে প্রথমত, ঢাকাস্থ বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বা ব্যক্তিবর্গের ঢাকার বাইরে সফর-পরিদর্শন নিরুত্সাহিত করা এবং দ্বিতীয়ত, বিশেষ প্রয়োজনে সফরকালে অনুষ্ঠান স্থল, অবস্থান স্থল বা বিভিন্ন স্থানে গমনাগমনের সময়ে নিরাপত্তা নজরদারিসহ পর্যাপ্ত পুলিশী প্রহরা বা পুলিশ স্কটের ব্যবস্থা করা।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুশতাক আহমেদ জানান, এটা রুটিন মাফিক বিষয়। এটি স্বাভাবিক যাদের ওপর দায়িত্ব রয়েছে তাদের কাছে এটা পাঠিয়ে দেয়া হয়।
নির্দেশনা পত্রে উল্লেখ করা হয় যে, ঢাকার বাইরে গাজীপুর, সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, যশোর, খুলনা, বাগেরহাট, রংপুর, দিনাজপুর এবং লালমনিরহাট জেলায় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ প্রকল্প পরিদর্শনসহ অন্যান্য কাজে বেশি সফর করে থাকেন।
এতে বলা হয়, কিছু কিছু কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ঢাকার বাইরে সফরকালে নিরাপত্তা ব্যবস্থার প্রতি অনাগ্রহ প্রকাশ করে থাকেন। অনেকক্ষেত্রে পুলিশ প্রহরা ছাড়াই তারা প্রকল্প এলাকা বা অন্যান্য এলাকা পরিদর্শন করেন। এতে অনেক সময় আইন-শৃংখলা বাহিনী তথা সরকারকে বিব্রত অবস্থায় পড়ার আশংকাও থাকে। সম্প্রতি বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামীসহ কতিপয় বিরোধী দল কর্তৃক আহূত হরতাল, অবরোধে, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সার্বিক অবস্থাকে অস্থিতিশীল বর্ণনা করে চিঠিতে বলা হয়, সহিংসতা সৃষ্টিকারীরা পুলিশের ওপর আক্রমণ করাসহ তাদের হত্যা করছে। গত ১২ এপ্রিল রাত সাড়ে ৮টায় খুলনায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের গাড়ির কাছে ককটেল নিক্ষেপ করার বিষয়ও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সার্বিক অবস্থা বিবেচনা করে এমন আশংকা করা হয়, কুচক্রিমহল বিদেশি নাগরিকদের ওপর হামলা চালাতে পারে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে—এমন আশঙ্কা থেকে যায়। এ রকম কিছু ঘটলে বন্ধু রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন সৃষ্টি হওয়ারও আশংকা থাকে।
