বামনায় ঝড়ে ক্ষতিগ্রস্তরা এনজিওর কিস্তি দিতে হিমশিম খাচ্ছে

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৮
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনার বামনা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষজন বিভিন্ন এনজিও থেকে নেয়া ক্ষুদ্রঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন। গতকাল সোমবার উপজেলার চার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে জানা গেছে বিভিন্ন এনজিও’র কর্মীরা নিয়মানুযায়ী ঋণের কিস্তি আদায় করছেন। এ ব্যাপারে স্থানীয় এনজিও অ্যাসেড এর নির্বাহী পরিচালক মোঃ নেছার উদ্দিন বলেন, আমরা ১৪ মে থেকে কিস্তি আদায় বন্ধ রেখেছি। তবে কয়েকটি এনজিও তাদের গ্রাহকদের কাছ থেকে কিস্তি নিচ্ছে বলে শুনেছি। গ্রামীণ ব্যাংক বামনা শাখা ব্যবস্থাপক কালিদাস রায় বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কিস্তি আদায় বন্ধ করা যায় না। বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান ইত্তেফাককে বলেন, মানবিক দিক বিবেচনায় কিছুদিন কিস্তি আদায় বন্ধ রাখা উচিত।