সোহেল রানা আরো ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৮
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় রাজউক ইমারত আইনে দায়ের করা মামলায় সোহেল রানাকে সিআইডি আরো ৫ দিনের রিমান্ডে নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে সিআইডি রানা প্লাজা ধসের ঘটনার প্রতিটি বিষয় ও প্রতিটি সময় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা এএসপি বিজয় কৃষ্ণ কর। তিনি জানান, এ মামলার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে, যাতে কোন বিতর্কের সৃষ্টি না হয়। রানা প্লাজা যে জমিতে গড়ে উঠেছিল সেই জমিটির প্রকৃত মালিক কে, কিভাবে ভবনের অনুমতি নেয়া হল,ভবন নির্মাণের অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কারা ছিল, ভবনে ফাটল ধরার পরও কে বা কারা তা ঝুঁকিমুক্ত ঘোষণা করলো, কারা সেখানে শ্রমিকদের কাজ করতে বাধ্য করলো এরকম প্রতিটি বিষয়ের বিস্তারিত তদন্ত হচ্ছে। রানা প্লাজা ধসের ঘটনায় দণ্ডবিধি ৩০৪ (ক) (অবহেলাজনিত কারণে মৃত্যু) ধারায় দায়ের করা মামলা ও রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহম্মেদ বাদী হয়ে ইমারত আইনে দায়ের করা মামলা দুইটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। এই দুই মামলায় প্রথম দফায় পুলিশের কাছে ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে রিমান্ডে শেষে হত্যা মামলায় আরো ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সোহেল রানাকে।