জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ১৬তম অধিবেশনে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত হতাশাজনক ও অগ্রহণযোগ্য। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু দেশের অভ্যন্তরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-গুম-নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে তা বাতিল করে দিয়ে এ ধরনের কোনো ঘটনা ঘটছে না বলে দাবি জানিয়েছেন। এটি অগ্রহণযোগ্য।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে হিউম্যান রাইটস ফোরাম আয়োজিত ‘জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার : বাংলাদেশের প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ফোরাম মনে করে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি সত্যকে এড়িয়ে গেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত র্যাবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই এড়িয়ে যাওয়ার উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, স্টেপ টুওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সভা-সমাবেশ নিষিদ্ধ করার ফলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। গত ৫ মে হেফাজতে ইসলামের দিনভর তাণ্ডবের পর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে বক্তারা বলেন, ওই রাতের ঘটনায় দেশের মানবাধিকার লঙ্ঘিত হয়নি। তাদের দিনভর সহিংস তাণ্ডবের পর দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান সঠিক ছিল। তবে ওই অভিযানে যদি একটি মানুষও হত্যা করা হয় তা রাষ্ট্রের জন্য কাম্য নয়।
