সাঁইত্রিশ বছর প্রতীক্ষার পর

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৯
সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, এটা একটা যুগান্তকারী রায়। এই রায়ে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। এ রায়ের জন্য আমাদের ৩৭ বছরের অপেক্ষা শেষ হলো। অধ্যাপক আনোয়ার হোসেন পূর্ণাঙ্গ রায়ের ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি ও আমাদের পরিবার আজ বিশেষভাবে আনন্দিত। ৩৭ বছর পরে হলেও অন্যায়ের বিচার হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধীশক্তিকে পুনর্বাসনকারী জিয়াউর রহমান ঠাণ্ডা মাথায় যে কর্নেল তাহেরকে হত্যা করেছিলেন তা উচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সামজে অন্যায়ের বিচার না হলে সমাজ মরে যায়, নষ্ট হয়ে যায়। বাংলাদেশ আজ সে অবস্থা থেকে বেরিয়ে এসেছে। ১৯৭৫-৭৬ সাল বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, জাতীয় চার নেতা হত্যা, মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে এ সময়। আজকের রায়ে সত্য প্রকাশ হলো। আজকের দিনে সরকারের নিকট আহবান জানাই যে সরকারের পক্ষ থেকে যেন একটি বিচারিক কমিশন গঠন করা হয়। তিনি বলেন, জেনারেল জিয়ার আমলে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ওই সময় ছিলো অন্ধকারে আচ্ছন্ন। এখন সময়ে এসেছে ওইসব কর্মকাণ্ড প্রকাশের। স্বজন হারানো হাজার হাজার পরিবার হতাশায় নিমজ্জিত। যে সব হত্যাকাণ্ডের বিচার হয়নি, নিহতদের স্বজনরা যেন এ কমিশনের মাধ্যমে বিচার পান। সাথে সাথে আমি এ দাবি জানাই, যারা তাহেরের সহযোগী ছিলেন এবং যাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হয়। কর্নেল তাহেরের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ছিলেন বীর সেনানী । তিনি স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি সেনাবাহিনী গড়ে তোলার। কর্নেল তাহের মুক্তিযুদ্ধে তার পা হারান। ’৭৫ সালের ৭ নভেম্বরে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতর যে ঘটনা ঘটেছিল, তার প্রকৃত নায়ক ছিলেন মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তম। তিনিই এ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি বন্দীদশা থেকে মুক্ত করেন জিয়াউর রহমানকে। সাধারণ সিপাহীদের স্বার্থে জিয়াউর রহমানকে ক্ষমতায়ও বসান। কিন্তু জিয়াউর রহমান সাম্রাজ্যবাদ-মৌলবাদ রক্ষা করার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। গ্রেফতার করেন কর্নেল তাহেরকে। সাথে সাথে ৭ নভেম্বরের ঘটনার নেতৃত্ব দেয়ার অভিযোগে প্রহসনের বিচার করেন জিয়াউর রহমান। তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে ফাঁসি দিয়ে হত্যা করা হয় তাহেরকে।