খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ২৭ জনকে অপহরণ

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৫৯
গতকাল সোমবার সকালে জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া ব্রিজের কাছে সন্তু লারমা গ্রুপের কর্মীরা পাহাড়ি ছাত্র পরিষদের গাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এ সময় গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের দুই কর্মী সমাজ চাকমা (২০) ও কল কুমার চাকমা (২৭) মারাত্মক আহত হয়েছেন। সমাজ চাকমা পেটে ও কল কুমার চাকমা ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। হামলার পর ছাত্র পরিষদের কমপক্ষে ৪০ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ২৭ জনকে এখনো ছেড়ে দেয়নি বলে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ অভিযোগ করেছে।