দারোগা পেটানোর মামলায় সিলেটে ব্রিটেন প্রবাসী মহিলা গ্রেফতার

আপডেট : ২০ মে ২০১৩, ২৩:০০
সিলেটে পুলিশের এক দারোগাকে পেটানোর মামলায় সাজাপ্রাপ্ত ব্রিটেন প্রবাসী মহিলা পারভিন আক্তার আলীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তিনি লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে। পারভিন আক্তার সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনি রোডের ‘অগ্রণী’ ৬১ নং বাড়ির শামসুল হকের স্ত্রী। পুলিশ জানায়, পারভিন আক্তার ২০১০ সালে সিলেট কোতোয়ালি থানার এসআই হায়দারকে কুপিয়ে জখম করেছিলেন। এ ঘটনায় থানায় মামলা হলে পারভিন পালিয়ে লন্ডনে চলে যান। তদন্তশেষে আদালতে চার্জশিট দাখিলের পর বিচারে আদালত পারভিন আক্তারকে ১ বছর ২ মাসের কারাদণ্ড দেন। গতকাল সকালে বিমানের একটি ফ্লাইটে পারভিন লন্ডন থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।