‘আড্ডায় থাকলে মনে হয় আছি পরিবারের সঙ্গেই। আড্ডার কারণেই ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে প্রাণের মেলায়। আড্ডায় না আসতে পারলে অস্থির লাগে। আড্ডার ফাঁকে চলে চায়ের কাপে চুমুক। কেউবা গিটার হাতে বসে যান। শুধু সমবয়সী না, বয়সে বড়দের সঙ্গেও আড্ডা জমে ওঠে। তবে আড্ডার আগে পড়াশোনাকেই বেশি গুরুত্ব দেই আমি’। বলছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ছাত্র মো. আতাউর রহমান। মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে পড়ছেন তিনি।
আসিফ রহমান খান নামের এক ছাত্র বলেন, ‘ক্যাম্পাসে আড্ডা। সেই আড্ডার আলোচনা বেশিরভাগই হয় ক্যারিয়ারভিত্তিক। তবে গঠনমূলক আলোচনাও হয়। অনেক সময় হাস্যরসের আড্ডাও হয়। আড্ডার মাধ্যমে জানাশোনার পরিধিকে প্রসারিত করা যায়। আড্ডা হলো জীবনের একটা অংশ। আড্ডা ছাড়া ক্যাম্পাস জীবন অচল-অসার।
আড্ডা নিয়ে নাহিদ আলম বলেন, ‘ফুরফুরে মেজাজের আড্ডায় সর্বদা মুখরিত থাকে ক্যাম্পাস। আড্ডা আর পড়াশুনায় ব্যস্ত থাকে সবাই। তবে যার-তার সাথে আড্ডা দিতে ভালো লাগে না। প্রিয় মানুষের সাথেই আড্ডা দেই। চেনা মুখগুলোর সাথে আড্ডা দিতেই বেশি মজা।’
রেজায়ুন নাহার নামের এক ছাত্রী বলেন, ‘সারাদিন আড্ডা দিতে ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা অবধি আড্ডা দেই আমরা। বুঝতেই তো পারছেন আড্ডা কত মজার হতে পারে। আড্ডায় জড়িয়ে অনেকেই খুঁজে পেয়েছেন নতুন বন্ধু। কেউবা মনের মানুষ। আর আড্ডা অনেককে করে তুলছে আত্মবিশ্বাসী।’
রক্সি ঘোষাল বলেন, ‘সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে নতুন ধারণা নেয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের অনেক কিছুই উঠে আসে আড্ডায়। পক্ষে-বিপক্ষে চলে আলোচনা। আড্ডা মানে অফুরন্ত আনন্দ। আড্ডা ছাড়া ক্যাম্পাসের কথা কল্পনাও করা যায় না।’
সামিরা ও সজীব বলেন, ‘আড্ডার মাধ্যমে জানা-শুনার পরিধি বাড়ে। ক্যাম্পাসে আড্ডা মানে প্রাণ খুলে কথা বলা। আড্ডা মানে হাসি মুখ। আড্ডা মানে দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেয়া। আড্ডা ছাড়া ক্যাম্পাস জীবন অচল।’
জান্নাত বলেন, ‘সকালে-দুপুরে আড্ডা। ক্লাসের ফাঁকে আড্ডা। স্যার ক্লাসে না এলে তো সবাই মহাখুশি। ক্লাসে কিংবা বাহিরে এসে সবাই মিলে চলে জম্পেশ আড্ডা। এভাবেই কেটে যায় ক্যাম্পাসের স্বপ্নের দিনগুলো।’
নোমান বলেন, ‘ক্যাম্পাসের এমন কোন জায়গা নেই যেখানে আমার পা পড়েনি। ক্যাম্পাসে আসলেই আমাদের মন ভালো হয়ে যায়। ক্যাম্পাস আমাদের কাছে মন ভালো করার ট্যাবলেট বলতে পারেন!’
ইমরান ও লোপা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে অথচ আড্ডা হবে না এটা ভাবাই যায় না। যে ক্যাম্পাসে আড্ডা নেই সেটি আসলে কোন ক্যাম্পাসই না। মনের যাবতীয় সুখ কিংবা দুঃখ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে মনকে হালকা করার এক অনন্য মাধ্যম এ আড্ডা। আড্ডা বিনোদনের এক চমত্কার মাধ্যম। বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার একটা অনুশীলন হয় আড্ডার মাধ্যমে।’
