গবেষণা

পুরনো গাড়িতেই বাজিমাত!

আপডেট : ২১ মে ২০১৩, ১৮:২৬
পুরনো গাড়ি নিয়ে আগ্রহটা একটু বেশি ওদের। প্রযুক্তির বদলে তাই খোঁজ-খবর চলছিল নিয়মিত। বাজারে এয়ারকন্ডিশন গাড়ির চাহিদা কেমন। জাপান নাকি চীন কোন দেশের গাড়ি বেশি আসছে। বন্দর দিয়ে হাইফাই মডেলের কার কোন ব্র্যান্ড কিনছে। এসব নিয়ে ভাবতে ভাবতে প্রতিযোগিতায় নাম লেখালেন ওরা ৪ জন। আবুল আরেফ খাজা আরেফউদ্দীন, সোবাইল বিন হোসেন, আমিরুল ইসলাম ও ফারিহা নওরিন। ভাবতেই পারেননি ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালিয়েন্স (আইএসসিইএ) এর স্কলারশীপ জিতে নেবেন। সৌভাগ্যবান এই তরুণরা সবাই পড়ছেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে। কেউ বিবিএতে। অন্যরা এমবিএ শেষ করার পথে। স্কলারশীপ জিতে নেয়ার অনুভূতিটা এখন তাদের কাছে একটু অন্যরকম। ‘ভালোই লাগছে। সাপ্লাই চেইনের ওপর এমন একটি বড় কমপিটিশানে আমাদের প্রজেক্টটা নির্বাচিত হয়েছে। আত্মবিশ্বাস ছিল। তবে এর পেছনে আগের কয়েকজন বড় ভাইয়ের সহযোগিতা ছিল।’ চার তরুণ জানান, আইএসসিইএ সংগঠনের বাংলাদেশের প্রতিনিধিরা এবারের প্রতিযোগিতাটির দেখভালে ছিলেন। এর শিরোনাম ছিলো ‘পিটাক প্রাইস সাপ্লাই চেইন কেইস কমপিটিশান’। সারা দেশ থেকে ৪৬০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিটি দলে ছিলেন ৪ জন। ইস্ট ডেল্টার বিজয়ীদের প্রত্যেককে ৪৯৫ ডলার পাওয়ার কথা জানানো হয়েছে। তাদেরকে ইন্টারন্যাশনাল ওই প্রতিষ্ঠানে দক্ষতা বাড়ানোর ওপর কোর্স করার সুযোগ দেয়া হবে। নিয়ম অনুযায়ী তারা অংশগ্রহণের আগে চট্টগ্রামের একটি অখ্যাত গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের ওপর কাজ করেন। এই ক্ষেত্রে সাপ্লাই চেইনের প্রয়োজনীয়তা খুঁজে বের করেন। এরপর প্রতিবন্ধকতা ও সমস্যা কাটিয়ে উঠার পেছনে বেশ কিছু সুপারিশ প্রতিবেদন আকারে জমা দেন। যেখানে কোন প্রতিষ্ঠানকে মার্কেট চাহিদা, তার বর্তমান অবস্থা, দরদাম উঠানামার বিষয়ে জোর দেয়ার কথা জানানো হয়। জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি মাসে প্রচুর রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে। যারা আনছেন তারা ম্যাানেজমেন্ট সিস্টেম না জানার কারণে ভালোভাবে লাভবান হচ্ছেন না। জানতে চাইলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ডিরেক্টর অ্যান্ড প্ল্যানিং প্রধান শাফায়েত কবীর বলেন, ‘তাদের সাফল্যে আমরা খুব খুশি। কর্মক্ষেত্রেও তারা দক্ষতার পরিচয় দেবে এমনটা আশা করি।’ প্রতিযোগিতার প্রতিবেদন বাছাইয়ে ছিলেন সাপ্লাই চেইনের ওপর দক্ষ কণ্ঠশিল্পী নকিব খানসহ দেশ সেরা সংগঠকরা। জানতে চাইলে প্রতিযোগিতার অন্যতম আয়োজক ও ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালিয়েন্স বাংলাদেশ এর নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান বলেন, ‘সাপ্লাই চেইন নতুন একটি ধারণা। এই বিষয়ের ওপর কোর্স কারিকুলামও সেভাবে হয়ে উঠেনি। একটি প্রতিষ্ঠানকে লাভবান করতে সাপ্লাই চেইনের ওপর নজর দেয়া জরুরি। তরুণদের আরো দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশে এই ধরনের কনটেস্টের আয়োজন করা হলো।’