আমার কথা

আপডেট : ২১ মে ২০১৩, ১৮:৩০
তখন আমি নিজ গ্রামে মাখল প্রাইমারি ইস্কুলে পড়ি। ইস্কুলের হেড স্যার মোহাম্মদ আলি। তিনি খুবই দক্ষ ও সমাজ সচেতন ব্যক্তি ছিলেন। ’৭১-এ মুক্তিযোদ্ধাদের সময় এক অন্ধকার রাতে রাজাকার বাহিনীর লোকজন বাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। তাঁর লাশটি পর্যন্ত পাওয়া যায়নি। স্যারের বন্ধু ছিলেন, গীতিকার আবদুল হাই আল হাদী। তিনি কয়েক মাস পর পর আমাদের এখানে আসতেন এবং আমাদেরকে গান ও নাচ শেখাতেন। সম্ভবত এই গানটি তার প্রিয় ছিল। তিনি গান, ছড়া ও কবিতা পড়ার ব্যাপারে বিপুল উত্সাহ দিতেন। তার ওই প্রেরণাও উত্সাহ আমাকে প্রভাবিত করে। তখন থেকেই একটু-আধটু লিখতে শুরু করি। পড়াশোনা শেষ করে যখন চাকরি নিয়ে ঢাকায় আসি। তখন থেকে পুরোদমে লিখতে থাকি। আমার লেখা ছোটদের ’৭১ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বই মেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় সমালোচনা আসে। এতে আমি আলোড়িত হই। যে দিন প্রথম আমার লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হলো সেদিন পত্রিকাটি হাতে নিয়ে কি যে আনন্দ পেয়েছিলাম। যা লিখে কাউকে জানানো সম্ভব নয়। ছোটবেলায় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতাম। হতে পারিনি। আমার প্রিয় গল্প ইতিহাসের পাঠশালা। গল্পটি ’৭১ সালের ঘটনা নিয়ে রচিত। ’৭১ সাল। চারদিকে যুদ্ধ চলছে। কাওরাইদ রেলওয়ে স্টেশনে। পাক-মিলিটারিদের বিরাট ক্যাম্প। ক্যাম্পটা উড়িয়ে দেয়ার প্রস্তুতি চলছে। কাওরাইদ থেকে সোজা মাইল তিনেক পূর্বে নিগুয়ারী ইউনিয়নে আমাদের বাড়ি। আর আমাদের বাড়িতেই মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আর কাওরাইদ থেকে মাইল তিনেক পশ্চিমে সোনাচর গ্রামে আরেকটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আর এই দুই ক্যাম্পের মাঝে যোগসূত্র স্থাপন করে ঠিক একই সময়ে পাক-মিলিটারি ক্যাম্প আক্রমণ করবে। আমার হাতে কিছু ওষুধ ধরিয়ে দিয়ে আমাকে যোনাবর পাঠাল। লিকলিকে ছোট-খাটো ছিলাম। বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতাম। কাওরাইদ রেলওয়ে ব্রিজটির কাছে যেতেই চার পাঁচজন রাজাকার দেখলাম। সবার কাঁধেই রাইফেল। এখানে কোনো মিলিটারি নেই। সম্ভবত ওরা ক্যাম্পের ভেতরে। একজন রাজাকার এগিয়ে এসে বলল, এই পিচ্চি তুই মুক্তিযোদ্ধাদের লোক। ওরা আমাদের সন্ধান নিতে তোকে পাঠিয়েছে। আমি বললাম, মুক্তিযোদ্ধা কি জিনিস আমি জানি না। রাজাকারটি ভেংচি মেরে বলল, যখন পিটুনি শুরু করব তখন ঠিকই জানবি। আমাদের সঙ্গে চালাকি। রাজাকারটি ক্রমেই আমার ওপর রেগে যাচ্ছে। আমি তখন ওষুধগুলো দেখিয়ে বললাম, আমার বৃদ্ধ মা গুরুতর অসুস্থ মরমর অবস্থা, তাই জীবনবাজি রেখে ওষুধ নিতে এলাম। তখন একজন বৃদ্ধ রাজাকার আমার দিকে এগিয়ে এসে বলল, তোর কথাগুলো কি সত্যি? আমি বললাম, একদম সত্যি। ও বলল, ঠিক আছে। চলে যা। তখন আগের রাজাকারটি আমাকে একটি লাথি মেরে বলল, সোজা রাস্তায় যাবি। এদিক-ওদিক তাকাবি না। আমার প্রকাশিত বইগুলো হলো: ছোটদের ১৯৭১, সেরা গোয়েন্দা, সেরা রহস্য, মজার গল্প, ছুটির ঘণ্টা, ৫০০ ভূত, লিডার মামা ভয়ংকর, কিশোর গোয়েন্দা ও বোটকা রহস্য, যত সব মজার কাণ্ড, হারিয়ে যেতে নেই মানা, সেরা মুক্তিযুদ্ধের গল্প, বর্ণমালা ও মুক্তিযুদ্ধ, পুতুল ভূত, ছোটদের ’৭১ এর নয় মাস, আমাদের সূর্য, অমলের পাখি, যুদ্ধ আমার যুদ্ধ, কিশোর মুক্তিযোদ্ধা, শুভর শহীদ মিনার। মাইকেল মধুসূদন দত্ত, শিশু-সাহিত্য পুরস্কার, কবি কাদের নওয়াজ শিশু-সাহিত্য পুরস্কার লাভ করেছি আর পুরস্কার একটা বড় ধরনের প্রাপ্তি। যা আনন্দ দেয়, উত্সাহ যোগায় এবং প্রেরণা দেয়।