আমি এখন ফাইভে পড়ি। বাবার হাতেই হাতেখড়ি। আমার বেশ মনে পড়ে সন্ধ্যার পড়া শেষ হলে বাবা আমাকে নিয়ে বের হয়ে যেতেন। ঘরের বাইরে। পড়ার বিষয়গুলো গল্পচ্ছলে বোঝাতেন। নিজ ঘরে হাতেখড়ি পর্ব শেষে ভর্তি হলাম মন্দিরকেন্দ্রিক বিদ্যালয়ে। তারপর তিন বছর কিন্ডারগার্টেনে সময় পার করে আমি ওয়ানে। শিশু একাডেমীর মৌসুমী প্রতিযোগিতায় আমাকে নিয়ে যেতেন। যেতে যেতে বলতেন, ছোটবেলায় আমরা দাদাভাইয়ের কচি-কাঁচার আসরের সদস্য ছিলাম। অনেক বন্ধু আবার খেলাঘরের সদস্য ছিল। এ নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হতো। এর মধ্যে আমি ঢাকায়। একদিন বললাম, বাবা আমি কচি-কাঁচার সদস্য হবো। মিরপুর রাবেয়া স্কুল থেকে সদস্যপদ পেলাম। সে যে কী খুশি। মামা-মামি, কাকা-কাকি, জেঠু-জেঠি সবাইকে ফোন করে আনন্দের অংশী করলাম। তারপর ‘মাটি’ ও ‘ঈদ’ নামে দু’টি ছড়া পাঠালাম। ছাপা হলো। সে কী আনন্দ! আমার সহপাঠী সবাই পত্রিকা নিয়ে কাড়াকাড়ি। আমার প্রিয় স্কুল, বিশিষ্টজনের জীবনকথা, শিশুসাহিত্যিকদের ছড়া পড়তে আমার অনেক ভালো লাগে। পঞ্চম শ্রেণিতে আমাদের অনেক পড়তে হয়। পাঠ্যবইয়ের বাইরেও পড়তে হয়। পাঠ্যবইয়ের বাইরের বিষয়ও পড়তে হয়। কচি-কাঁচার আসর আমাদের সে বিষয়ে অনেক সহায়ক। আমরা জেনে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। আর কাজী নজরুল ইসলাম জাতীয় কবি। কচি-কাঁচার আসর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখ বিশেষ সংখ্যা বের করছে দেখে খুশি ও আনন্দিত আমি ও আমার বন্ধুরা। আমরা জানতে পারবো অনেক কিছু।
অর্ঘ্য সময় বর্মণ
পঞ্চম শ্রেণি, মাসকট ইনোভেটিভ স্কুল
এন্ড কলেজ, দক্ষিণখান, ঢাকা।
