ডাকার বনাম ঢাকা!

আপডেট : ২১ মে ২০১৩, ১৯:৫৮
শুধু দূরত্বের কারণেই নয়, বরং বৈশিষ্ট্যগত নানা দিক থেকেও হাজারও পার্থক্য রয়েছে সেনেগালের রাজধানী ডাকারের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার। তবে এই দুটি শহরের নামের মধ্যে উচ্চারণগত মিলের কারণেই সম্প্রতি বিপাকে পড়েছিলেন আমেরিকার এক দম্পতি। ছুটিতে বেড়ানোর জন্য সেনেগালের রাজধানী ডাকারের উদ্দেশ্যে রওনা হলেও টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার ভুলে তারা হাজির হন ডাকার থেকে ৭০০০ মাইল দূরের শহর ঢাকায়। আর এই পুরো পথের একেবারে শেষ পর্যায়ে এসে বিষয়টি উপলব্ধি করার আগ পর্যন্ত তারা ঘুনাক্ষরেও টের পাননি যে তাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সেনেগালের রাজধানী ডাকারের উদ্দেশ্যে রওনা হন স্যান্ডি ভ্যালডিভিসিও এবং তার স্বামী ট্রিট ভো। এ জন্য বেশ আগে থেকে ডাকারে যাওয়ার টিকেটের বুকিংও দিয়ে রাখেন ভ্যালডিভিসিও। আর এই টিকেটের বুকিং দেওয়ার সময়ই ঘটে যায় মূল বিপত্তি। সাধারণত বিশ্বের প্রতিটি দেশের বিভিন্ন শহরের জন্যই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত কোড ব্যবহার করে থাকে। তিন অক্ষরের এই কোড অনুযায়ী ডাকারের কোড যেখানে ইংরেজি ডিকেআর বর্ণ তিনটি সেখানে ঢাকার কোড হলো ডিএসি। তবে ভ্যালডিভিসিও স্পষ্ট উচ্চারণে তার গন্তব্যের নাম হিসেবে ডাকার বললেও সে সময় টিকেট বুকিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা সেটিকে ভুলবশত ঢাকা ভেবে টিকেটে ডিএসি কোড তিনটি লেখেন। আর এই কোডের সূত্র ধরেই নির্ধারিত দিনে বিমানবন্দরে হাজির হয়ে ফ্লাইট নম্বর অনুযায়ী ডাকার-এর পরিবর্তে ঢাকার বিমানে চেপে বসেন ভ্যালডিভিসিও দম্পতি। প্রথম বার ইস্তাম্বুলে চার ঘণ্টা যাত্রা-বিরতির সময়ও এ বিষয়টি নিয়ে কোনো ধরনের সন্দেহ হয়নি এ দম্পতির। এমনকি এ সময় বেশ কয়েকবার ককপিট থেকে বিমানটি ঢাকায় যাচ্ছে এমন ঘোষণা শুনেও ভুল ভাঙেনি তাদের। কারণ ভ্যালডিভিসিও ও তার স্বামী ধরেই নিয়েছিলেন যে তুরস্কের মানুষেরা হয়তো ডাকারকে এভাবেই উচ্চারণ করেন। তবে তাদের ভুল ভাঙে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানটি পুনরায় উড়াল দেওয়ার পর। এ সময় ইনফ্লাইট ম্যাপে বিমানটি মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যাচ্ছে দেখার পরই আঁতকে ওঠেন ভ্যালডিভিসিও। খোঁজ নিয়ে জানতে পারেন তাদের গন্তব্য এখন ঢাকা। বিমানের ভেতর খেয়াল করে সেখানে যে আফ্রিকানদের চেয়ে এশিয়ানদের উপস্থিতিই বেশি সেটিও চোখে পড়ে তাদের। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অবশেষে প্রায় নয় ঘণ্টা পর ঢাকায় নেমে পুনরায় ইস্তাম্বুল হয়ে ডাকারের উদ্দেশ্যে রওনা দেন এই দম্পতি। আর বিমান পরিবহন সংস্থার ভুলের কারণে ফিরতি পথে তাদের বহন করা হয় বিনামূল্যেই।