দেশের সামগ্রিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে নিরাপত্তা ইস্যুকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। গতকাল বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ মতামত জানান তারা। বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারীদের উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের পরিপূর্ণ অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে তাদের যথাযথ নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে এবং কর্মস্থলে যাওয়ার সময় নারীরা যে নিপীড়নের শিকার হচ্ছে তা বন্ধ করার জন্য সরকারকে কঠোর হতে হবে। বক্তারা আরও বলেন, নিরাপত্তা শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও প্রয়োজন। তাই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিত্সার সাথে মৌলিক চাহিদা হিসেবে নিরাপত্তাকেও যুক্ত করা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
তিনি বলেন, নিরাপত্তাজনিত সমস্যা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশেই এ সমস্যা রয়েছে। তবে নিরপত্তা নিশ্চিত করা সম্ভব হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শরমিন্দ নিলোর্মী, গ্লোবাল কল টু একশন এগেইন্সট পভার্টির (জিসিএপি) ন্যাশনাল কো-অর্ডিনেটর আবদুল আউয়াল, বিইউপি’র নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু এবং বিঅন্ড-২০১৫ এর সদস্য আহমদ স্বপন মাহমুদ। অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিইউপি এর রিসার্চ ফেলো ড. গোলাম মাহবুব সারওয়ার। এসময় তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে জানা গেছে, দারিদ্র্য দূরীকরণে যে পদক্ষেপ নেয়া দরকার তার মধ্যে প্রধান প্রধানগুলো হলো- শুষ্ক মৌসুমে চাষ সুবিধা বাড়ানো, কারিগরি শিক্ষার প্রসারতা, নারী-পুরুষের সমান মজুরি, নারী চিকিত্সকের পরিমাণ বাড়ানো এবং মানুষের মূল্যবোধ বাড়ানো।
