নিথর মাহবুবের একক মূকাভিনয়

আপডেট : ২১ মে ২০১৩, ২০:২৮
এই প্রথম দেড় ঘণ্টাব্যাপী একক মূকাভিনয় করবেন নিথর মাহবুব। এই মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনী হবে। দেশের সামাজিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বেকারত্ব থেকে মুক্তির উপায়, ইভটিজিং ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এই পরিবেশনা সাজানো হয়েছে। নিথর মাহবুব দীর্ঘদিন যাবত্ মূকাভিনয়ের চর্চা করে আসছেন। বিভিন্ন সময়ে মঞ্চে তিনি এক পর্বের ছোট ছোট মূকাভিনয় করেছেন। নিথর মাহবুব বলেন, ‘আমার দীর্ঘ দিনের স্বপ্ন এমন একটি একক মূকাভিনয় প্রদর্শনী করার। আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে কাজে নতুনত্ব আনতে চেষ্টা করি। এই পরিবেশনায় দর্শক তার প্রতিফলন দেখতে পারবে আশা করছি। এখানে বিমূর্ত এবং মূর্ত দুই ধরনের কাজ দর্শক দেখতে পাবে।’