মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইনের সাথে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের উদ্যোগের জন্য সেইন সরকারের প্রশংসা করেন। তিনি সেইন সরকারের নির্বাচন আয়োজনের এবং দীর্ঘদিনের জাতিগত হানাহানি বন্ধের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
সফররত মিয়ানমারের প্রেসিডেন্টের সাথে তার ওভাল অফিসে গত সোমবার বৈঠকে সেদেশে মুসলমানদের ওপর জাতিগত সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, জাতিগত সহিংসতা বন্ধে থেন সেইন আন্তরিক, যেকোন মূল্যে তা বন্ধ করতেই হবে। যুক্তরাষ্ট্র মিয়ানমারের অগ্রযাত্রায় সকল সহযোগিতা অব্যাহত রাখবে।
৪৭ বছর পর মিয়ানমারের কোন রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্র সফর করছেন। বিগত দিনগুলোতে দু’দেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। কিন্তু প্রেসিডেন্ট সেইনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগের কারণেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটেছে। তবে সংস্কারের পথে অরো অনেকদূর যেতে হবে, আরো রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। অনেক কাজ এখনও বাকি বলে উল্লেখ করেন ওবামা।
মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য প্রেসিডেন্ট সেইনও ওবামাকে ধন্যবাদ জানান। তিনি দারিদ্র্য, বেকারত্বসহ তার দেশের নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। সেদেশে মুসলমানদের ওপর নির্যাতনের ব্যাপারে তিনি বলেন, আমাদের অবশ্যই সব ধরনের বৈষম্য, নিপীড়নের অবসান ঘটাতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা শুধু বন্ধ করলেই হবে না, সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
ওবামার আমন্ত্রণে গত ১৭ মে সেইন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। ২০১১ সালে ক্ষমতা নেয়ার পর সেইন তার দেশে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেন। সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করে, ভিসা ও বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে মিয়ানমারে জাতিগত সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
অনেকেই বলছেন দেশটির ব্যাপারে বেশি দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে ওবামা প্রশাসন।
