আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী রাজনীতিকরা নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আনা আইন নিয়ে সংসদে বিতর্ক বন্ধ করে দিয়েছেন। চার বছর আগে দেশটির প্রেসিডেন্ট এই আইন চালু করেন। আইনে নারীদের বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ এবং বিয়েতে বাধ্য করা নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
সনাতনপন্থী রাজনীতিকরা নারীদের অধিকার সংক্রান্ত এই আইন বাতিলের দাবি জানিয়ে বিতর্ক শুরুর ১৫ মিনিটের মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করলে সংসদের স্পিকার আলোচনা বন্ধ করে দেন। আফগানিস্তানের প্রেসিডেন্টরা নারীর অধিকার বিষয়ে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়ে আশ্বাসের অভাব রয়েছে। বিশেষ করে এই ডিক্রির ব্যাপারেও। ২০০৯ সালে রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত এক ডিক্রির মাধ্যমে প্রেসিডেন্ট কারজাই এই আইন চালু করেন। সংসদ সদস্যদের অনুমোদন ছাড়াই প্রণীত বর্তমান এই আইনে ইতিমধ্যেই শত শত লোক সাজা পেয়েছে। এই আইনের সংসদীয় অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নারী আন্দোলনকারীরা দ্বিধাবিভক্ত। কেউ কেউ বলছেন, এই আইন নিয়ে সংসদে বিতর্ক তোলার সুযোগ দিলে সেটা রক্ষণশীলদের এই আইন সংশোধনের পথ খুলে দেবে এবং এর ফলে নারী সুরক্ষার আইনটি দুর্বল হয়ে পড়বে। তারা বলছেন, আইনটি তারা বিতর্কের মাধ্যমে প্রত্যাখ্যানেরও সুযোগ পাবেন। এই প্রক্রিয়ার বিরোধী প্রথম সারির একজন এমপি ফারখুন্দা যাহ্?রা নাদেরি বলেন, সংসদে যা হয়েছে তা তাঁর আশঙ্কাকেই প্রমাণিত করেছে। আফগানিস্তানে নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ সত্ত্বেও বাল্যবিবাহ সেখানে সাধারণ ঘটনা এবং নারী নির্যাতনেরও নানা ঘটনা প্রায়ই সামনে আসে।
