তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন মোরালেস

আপডেট : ২১ মে ২০১৩, ২১:০৬
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তৃতীয়বার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন। সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ সম্পর্কিত একটি আইন পাস করা হয়। এরফলে তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পথ সুগম হল। দেশটির সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। কিন্তু বলিভিয়ার এই সাংবিধানিক বাধ্য-বাধকতার মধ্যেই দেশটির সর্বোচ্চ আদালত গতমাসে রায় দিয়েছে, প্রেসিডেন্ট মোরালেসের প্রথম মেয়াদের পর যেহেতু সংবিধানে এই পরিবর্তন আনা হয়েছে তাই তার চার বছরের প্রথম মেয়াদ এই আইনের আওতাভুক্ত হবে না। কিন্তু বিরোধী রাজনীতিকরা বলছেন, আদালতের এই রায় অসাংবিধানিক এবং তারা এর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করবেন। প্রেসিডেন্ট মোরালেস দেশের বাইরে থাকায় আইনটিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা সই করেছেন। বলিভিয়ার প্রধান শহর লা পাজ-এ গার্সিয়া লিনেরা বলেন, ‘পুনর্বার নির্বাচিত হতে চাওয়ার ক্ষেত্রে তার সাংবিধানিক অধিকার রয়েছে।’ ২০০৬ সালে বলিভিয়ার প্রথম আদিবাসী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরালেস। ২০০৯ সালে সংবিধান পরিবর্তনের পর তিনি পুনর্বার বিশাল ব্যবধানে দেশটির প্রেসিডেন্ট পদে জয়ী হন। কিন্তু দেশটির সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত চলতি বছরের এপ্রিলে নির্দেশ জারি করে, মোরালেসের ক্ষেত্রে সংবিধানের ওই আইন প্রযোজ্য হবে না এ কারণে যে, এই আইন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদের পরবর্তী সময়ে কার্যকর হয়েছে। কিন্তু বিরোধী রাজনীতিকরা যে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি হচ্ছে, পূর্ববর্তী সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একবারই মাত্র পুনর্নির্বাচিত হতে পারবে। বিরোধীরা মোরালেসের বিরুদ্ধে অভিযোগ করেছে, মোরালেস অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য আদালতকে ব্যবহার করছেন। প্রেসিডেন্ট মোরালেস বলিভিয়ার দরিদ্র জনগোষ্ঠী ও আদিবাসীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আগামী বছর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মোরালেস ওই নির্বাচনে অংশ নেবেন কি না এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।