সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, রাস্তা দখল করে সমাবেশের কারণে রাজধানী ঢাকা এখন প্রায় অচল শহরে পরিণত হয়েছে। রাজধানী হয়ে পড়েছে স্থবির ও ভোগান্তির শহর। সাধারণ অলিগলি পেরিয়ে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম, শাহবাগ ও মতিঝিল শাপলা চত্বর ইদানীং রাজনৈতিক সভা-সমাবেশের পছন্দনীয় স্থান হয়ে উঠেছে বিভিন্ন দল ও সংগঠনের কাছে। বিশেষ করে ৬ এপ্রিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ হওয়ার পর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মতিঝিলের শাপলা চত্বর।
ঢাকার যানজট পরিস্থিতি এখন যে অবস্থায় পৌঁছেছে, তাতে সামান্য সময়ের জন্যও কোনো রাস্তা আটকে রাখার সুযোগ নেই। এমনিতেই দুর্ভোগ আর অনিশ্চিত অবস্থার মধ্যেই চলছে ঢাকার নাগরিক জীবন। ট্রাফিকব্যবস্থা বলে যা কার্যকর আছে, তা আসলে অব্যবস্থা। এর সঙ্গে যখন যুক্ত হয়েছে রাস্তা আটকে মিছিল-সমাবেশ। ফলে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল ও সচিবালয়ের সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকার যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। সভা সমাবেশে কোনো রকম গোলাযোগ হলে নির্বিচারে ভাংচুর করা হয় গণপরিবহণ। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। জনদুর্ভোগ এতোই তীব্র আকার ধারণ করে যে, শিক্ষার্থী, রোগী, পথচলতি সাধারণ মানুষ সবার দুর্ভোগ একাকার হয়ে যায়।
শেয়ারবাজারের অস্থিরতা ও ভাংচুরের কারণে মতিঝিল নগরবাসীর কাছে আতঙ্কের নগরী হিসেবে পরিচিতি পেয়েছিল। সামান্য কিছু হলেই মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদেরকে রাস্তায় নেমে বিক্ষোভসহ গোলযোগ করতে দেখা যেতো। শেয়ারে বিনিয়োগ করে তাদের ক্ষতিগ্রস্ত হওয়াটা গভীর সহানুভূতির বিষয় হলেও সেটি ঘিরে দেশের প্রধান বাণিজ্যিক এলাকায় গোলযোগ সৃষ্টির ঘটনা কেউ সমর্থন করেনি। এসব ঘটনায় দিনব্যাপী ওই এলাকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতো। গোলযোগের আশঙ্কায় পুলিশকে প্রস্তুত থাকতে হতো জলকামান নিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে ওখান থেকে স্টক এক্সচেঞ্জ সরিয়ে দেয়ার প্রস্তাবও করেছিলেন অনেকে। বর্তমানে সে পরিস্থিতি লাঘব হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে।
মতিঝিলে যাতে আর কখনো সভা-সমাবেশ কেউ না করতে পারে, সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কোনোভাবেই অর্থনীতির এ মূল কেন্দ্র ধ্বংস করতে দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের মতো অনেক গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে মতিঝিলে। এ ধরনের স্থানে আইন করে সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার হলেও সরকার সে অধিকার দিতে গিয়ে মতিঝিলে দেখা গেছে, কী তাণ্ডব হয়েছে! এখান থেকে শিক্ষা নিয়ে মতিঝিলে এ ধরনের রাজনীতি না করতে দেওয়াই ভালো। ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্রে সভা-সমাবেশের নামে এমন নারকীয় তাণ্ডব হতে পারে না। এগুলো বন্ধ করতে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।
শাপলা চত্বরে কোনো সমাবেশের অনুমতি দেওয়া ঠিক হবে না। কেননা শাপলা চত্বরকেন্দ্রিক মতিঝিল এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, সেনাকল্যাণ ভবন, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রধান দফতর ও আঞ্চলিক অফিস, বিভিন্ন বীমা কোম্পানির কার্যালয়সহ আরো অনেক গুরুত্বপূর্ণ অফিস-সংস্থা-স্থাপনা এই এলাকায় অবস্থিত। এর অনতিদূরেই বঙ্গভবন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা স্টেডিয়াম ইত্যাদির অবস্থান। এছাড়া এই চত্বরটি বেশ কয়েকটি রাস্তার সংযোগস্থল, যে পথে শত শত গাড়ি প্রতিদিন চলাচল করে। এমন একটি কর্মচঞ্চল, জনঅধ্যুষিত এলাকায় কোনো বিবেচনায়ই জনসভা বা সমাবেশ করার অনুমতি দেওয়া সঙ্গত হতে পারে না। এজন্য সভা-সমাবেশের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা প্রয়োজন। কোনো মাঠ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এবং বিকল্প চলাচলের সুযোগ আছে এমন কোনো রাস্তায় জনসভা এবং সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মতিঝিল শাপলা চত্বরসহ রাজধানীর জনবহুল রাস্তা ও চত্বরগুলো রাজনৈতিক কর্মকাণ্ডসহ সকল জনসভামুক্ত রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমাদের বিশ্বাস।
ঢাকা
