মহেশখালীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ২১ মে ২০১৩, ২২:০০
পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মহেশখালীতে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (২৮)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের পুত্র। কক্সবাজার জেলার এএসপি বাবুল আক্তার জানান, ২০ মে গভীর রাতে উপজেলার কালামার ছড়ার পাহাড়ী ছুড়ায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় ডাকাতরা পাহাড়ের দিকে পিছু হটতে শুরু করে। দুই পক্ষের গোলাগুলিতে দেলোয়ার গলায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। আহত অবস্থায় পুলিশদল তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিত্সার পর কক্সবাজার নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।