বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরোগ্য কামনা করে আয়োজিত দোয়া মাহফিল করতে দেয়নি পুলিশ। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, বেলা ১১টার দিকে কার্যালয়ের নিচতলায় এ দোয়া অনুষ্ঠানে নেতা-কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ বাধা দেয়। কারণ জানতে চাইলে পুলিশ জানায়, ওপরের নির্দেশ রয়েছে। এরপর মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন ভাসানী মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠান করতে গেলে পুলিশ সেখানেও বাধা দেয়।
