ওকলাহোমায় প্রলয়ংকরি টর্নেডোয় নিহত ২৪

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৩৫
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রলয়ংকরী এক টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৪ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। গত সোমবার বিকালের এই টর্নেডোর তাণ্ডবে ওকলাহোমা সিটির ক্ষতিগ্রস্ত শহরতলী এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। নিহতদের মধ্যে অন্তত ৯টি শিশুও রয়েছে। প্রাইমারি স্কুলভবন টর্নেডোর আঘাতে ভেঙে পড়লে তাদের প্রাণহানি ঘটে। স্কুলের ধ্বংসস্তূপের নিচে আরো শিশু চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই স্কুল ও একটি হাসপাতাল সবচেয়ে বেশি ক্ষতি হয়। হাসপাতালের ছাদ উড়ে যায়। পরে এখানকার রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়। এর আগে ২৪টি শিশুসহ ৯১ জন নিহতের কথা জানানো হয়েছিল। সারা রাত ধরে উদ্ধারকারীরা কুকুর নিয়ে চাপা পড়ে থাকা মানুষজনকে উদ্ধারের কাজ চালায়। মুর এলাকায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জীবিতদের সন্ধান চালায় উদ্ধারকর্মীরা। দক্ষিণাঞ্চলে মুর নামে ছোট একটি শহরের ওপর এই টর্নেডো তাণ্ডব চালায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এবং সবচেয়ে ক্ষতি হয় ওই এলাকায়। এলাকার সব ঘরবাড়ি, গাছপালা, যানবাহন মাটির সঙ্গে মিশে গেছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ৪৫ মিনিট স্থায়ী এই টর্নেডোর বিস্তৃতি ছিল তিন কিলোমিটার। প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এর ধ্বংসযজ্ঞ চলে। খবর বিবিসি ও রয়টার্সের। অত্যন্ত শক্তিশালী এই টর্নেডো গাড়িগুলো উড়িয়ে নিয়ে ফেলে বাড়িঘর এবং দোকানবাজারের ধ্বংসস্তূপের ওপর। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিকে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন। ওবামা কেন্দ্রীয় কর্তৃপক্ষকে উদ্ধার কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। ওকলাহোমায় জাতীয় আবহাওয়া সংস্থার ঝড় পূর্বাভাস কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনার যত আগে সম্ভব পূর্বাভাস দেয়া হয়। এখানকার বাসিন্দারা বিরূপ আবহাওয়ার সঙ্গে খুবই পরিচিত। তারা টর্নেডো সম্পর্কেও জানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের ভয়াবহ ঘটনা সম্পর্কে মানুষকে জানাতে খুব সামান্য কিছুই করার থাকে। ওকলাহোমার মুর এলাকায় প্রায় ৫৫ হাজার মানুষ বাস করত। স্থানীয় সময় বেলা প্রায় তিনটা এক মিনিটে টর্নেডো আঘাত হানে। এর মাত্র ১৬ মিনিট আগে এর ভয়াবহতা সম্পর্কে সতর্কতা জারি করতে পারে। আঘাত হানার পাঁচ মিনিট আগে সতর্কতার মাত্রা বাড়ানো হয়। সাধারণত টর্নেডো আঘাত হানার ৮-১০ মিনিট আগে সতর্ক করা যায়। ওকলাহোমার প্রধান মেডিক্যাল এক্সামিনারের দপ্তর থেকে জানানো হয়েছে মুরে প্লাজা টাওয়ারস্ এলিমেন্টারি স্কুলের ওপর ঝড় সরাসরি আঘাত হানলে স্কুলবাড়ির ছাদ উড়ে যায় এবং দেওয়াল ধসে পড়ে। ওকলাহোমার লেফটন্যান্ট গভর্নর টড ল্যাম্ব বলেছেন, মাটির সঙ্গে মিশে গেছে স্কুলভবনটি। স্কুলের প্রায় ২৫টি শিশু নিখোঁজ। স্কুলের ধ্বংসস্তূপের নিচ থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি খুবই মর্মান্তিক। এলাকার আরেকটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিরাপদে বের করে নিতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হয়। লেফটন্যান্ট গভর্নর ল্যাম্ব বলেছেন, মুর টর্নেডোর জন্য প্রস্তুত ছিল, তবে এত শক্তিশালী ঝড় আসছে তা তারা বুঝতে পারেন নি। সতর্কতা জারি করা হয়েছিল ঠিকই, কিন্তু এত শক্তি নিয়ে দুই মাইল ব্যাসার্ধের এই ঝড় ৪৫ মিনিটের জন্য যেভাবে তাণ্ডব চালিয়েছে, তার মুখে যা পড়েছে তাই লণ্ডভণ্ড হয়ে গেছে। এর থেকে নিস্তার পাওয়া কঠিন ছিল। এর আগে ওকলাহোমায় বহু টর্নেডো খোলা এলাকার ওপর দিয়ে বয়ে গেছে, কিন্তু এবারের ঝড় আবাসিক এলাকায় আঘাত হানায় এত প্রাণহানি ঘটেছে। বহু বাড়িঘর শক্ত মাটির ওপর তৈরি ছিল, মাটির নিচে সেগুলোয় কোনো ঘর (বাঙ্কার) ছিল না। কাজেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে যাওয়ার কোনো জায়গা ছিল না। ওকলাহোমায় জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ রিক? স্মিথ বলেছেন, আবহাওয়া দপ্তরে আমার বিশ বছরের কর্মজীবনে এত শক্তিসম্পন্ন ঝড় আমি দেখিনি। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে টর্নেডো পরিমাপের ৫ পয়েন্ট ফুজিতা স্কেলে এই ঝড়ের শক্তির মাত্রা ছিল ৪ অর্থাত্ এটি ছিল ঝড়ের শক্তির পরিমাপে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঝড়। ওকলাহোমার মুর শহরে প্রচণ্ড শক্তিশালী এক টর্নেডো আঘাত হেনেছিল ১৯৯৯ সালের মে মাসে। সেসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল এ যাবত্ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়ের রেকর্ড। প্রায় পাশাপাশি এলাকায় ৩ মে ঘণ্টায় ৫১৭ কিলোমিটার বেগে আঘাত হানা সেই টর্নেডোয় ৪৪ জন নিহত হয়েছিল। কিন্তু ওকলাহোমার হাইওয়ে টহল দপ্তরের সূত্র জানিয়েছে, এবারের টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯৯৯ সালের তুলনায় অনেক বেশি বলে মনে হচ্ছে। গত সোমবারের প্রলয়ঙ্করী টর্নেডো এর গতিপথে দুই ডজনেরও বেশি স্কুল ও একটি হাসপাতালসহ সব বাড়িঘর ধ্বংস করে গেছে। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহু ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রবল ঘূর্ণি বাতাস গাড়ি উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য গাড়ির ওপর। একটি বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। ঝড়ের পরপরই ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে আছে প্রায় পুরো এলাকা। এর মধ্যেই সারা রাত উদ্ধার অভিযান চালায়। দুই বছর আগে মিসৌরি রাজ্যের জপলিনে আরেকটি টর্নেডোর আঘাতে ১৬১ জন নিহত হয়েছিল। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে প্রাণঘাতী টর্নেডো। গত রবিবারও ওকলাহোমার শওনি এলাকায় টর্নেডোর আঘাতে অন্তত দুই জনের মৃত্যু হয়। আরো ভয়াবহ টর্নেডো ওকলাহোমাসহ দক্ষিণের কয়েকটি রাজ্যে আঘাত হানার আশঙ্কা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ওকলাহোমা, টেক্সাসের কিছু অংশ, লুইসিয়ানা, আরকানসাসে আরো কয়েকটি শক্তিশালী ঝড় ও টর্নেডো আঘাত করার কথা জানায় আবহাওয়া অফিস। প্রায় সাড়ে পাঁচ কোটি লোক খুবই খারাপ আবহাওয়ার মধ্যে পড়তে পারে। তৃতীয় দফার এই দুর্যোগ এত বেশি খারাপ হবে না বলে আশা করছেন কর্মকর্তারা। টর্নেডোয় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে সোমবার শক্তিশালী টর্নেডোর আঘাতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সোমবার ওকলাহোমা সিটির এক উপ-শহরে আঘাত হানা শক্তিশালী টর্নেডোয় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকার এবং জনগণ গভীরভাবে শোকাহত। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সরকার শিগগিরই টর্নেডোর ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।