সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত গার্মেন্টস কর্মী শাহীনা ও রোখসানার দুই শিশু সন্তান যথাক্রমে রবিন ও সিয়ামকে ৫ লাখ টাকা দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল ট্রাস্ট ব্যাংক ঢাকা সেনানিবাস শাখায় এই দুই শিশুর হাতে ৫ লাখ টাকা তুলে দেন র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে.কর্নেল জিয়াউল আহসান। এ সময় নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক ক্যাপ্টেন এম সোহায়েল উপস্থিত ছিলেন। প্রত্যেক শিশুকে দেয়া আড়াই লাখ করে টাকা তাদের নামে ট্রাস্ট ব্যাংকে স্থায়ী আমানত করে রাখা হয়।
লে.কর্নেল জিয়াউল আহসান জানান, সাভারে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বিজিএমইএ র্যাবকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়। এই টাকা ঐ দুই শিশু সন্তানকে দেয়ার সিদ্ধান্ত নেয় র্যাব।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ধ্বংসস্তূপ থেকে রোখসানার স্বামী ইমরান মন্ডলের মরদেহ উদ্ধার হলেও রোখসানার লাশ এখনও শনাক্ত হয়নি। রোখসানার একমাত্র সন্তান সিয়ামকে আড়াই লাখ টাকা দেয়া হয়। মরদেহ খুঁজে পাননি উদ্ধারকর্মীরা।
১৬ ঘন্টা চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপ থেকে শাহীনাকে জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। শাহীনা মারা যাওয়ার আগে তার শিশু সন্তান রবিনকে বুকের দুধ খাওয়াতে চেয়েছিল। কিন্তু মায়ের এই ইচ্ছা পূরণ হয়নি।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আরো জানান, ব্যাংকে স্থায়ী আমানত করার সময় রবিনের পক্ষে তার খালা ও খালু এবং সিয়ামের পক্ষে তার চাচা ও চাচী উপস্থিত ছিলেন। স্থায়ী আমানত থেকে প্রতি মাসে রবিন ও সিয়ামের অভিভাবকেরা আড়াই হাজার টাকা করে লভ্যাংশ পাবেন। শিশু দুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মূল টাকা অন্য কেউ তুলতে পারবেন না এবং তারা লভ্যাংশ পেতে থাকবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তারা ঐ টাকা হাতে পাবে।
