শহর কিংবা গ্রামের স্কুলগুলোর প্রাঙ্গণ জুড়ে এক সময় দেশীয় নানা খেলায় মেতে থাকত শিশু-কিশোর শিক্ষার্থীরা। কিন্তু স্কুলগুলোতে এখন আগের মত মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণ নেই। তাই এ প্রজন্মের শিশুদের অধিকাংশের কাছেই বাঙালি শিশু-কিশোরদের পুরনো অনেক খেলাই অপরিচিত। সেই অপরিচিত খেলাগুলোকে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের শরীরচর্চা এবং বিনোদনের মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে দেশের সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহ্যবাহী ৩৬টি খেলার পরিচিতি ও কৌশল বিষয়ে একটি কার্ড-বই বেরিয়েছে। সকল বিদ্যালয়ে এ বই বিতরণ করার ঘোষণা দিয়েছে উদ্যোক্তারা। ফলে দেশের বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ক্রীড়া কক্ষে আবারো শোনা যাবে ‘ওপেনটি বায়স্কোপ/ নাইন টেইন টেইস্কোপ/ চুলটানা বিবিয়ানা/ সাহেব-বিবির বৈঠকখানা, যার নাম রেনুবালা তার গলায় দিলাম মুক্তার মালা’-এর মতো চিরায়ত খেলার ছড়াগুলো। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘খেলতে খেলতে শেখা’ শিরোনামে শারীরিক শিক্ষার সহায়ক এ কার্ড-বইয়ের ৩৫ হাজার কপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হস্তান্তর করে ব্রিটিশ কাউন্সিল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রাথমিক পর্যায়ে আলীয়া মাদ্রাসাসহ দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে এ বইগুলো। কয়েকটি পর্যায়ে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তার জন্য এ বই বিতরণ করা হবে। এর ফলে শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সব বিদ্যালয়ের শিশুদের শারীরিক যোগ্যতা ও সুস্থতা গড়ে উঠবে। ৩৬টি কার্ডের এ সেট দেশের ঐতিহ্যবাহী ও লুপ্তপ্রায় খেলাগুলোর উপর ভিত্তি করে শরীরচর্চার প্রচলন করবে। এ কার্ড তরুণদের ক্রীড়া শক্তিকে অনুপ্রাণিত করতে এবং তাদের আত্ম উন্নয়নে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লণ্ডন ২০১২ অলিম্পিক দ্বারা অনুপ্রাণিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগে স্কুলে ছাত্র ছিল কম, জমি ছিল অনেক বেশি। খেলার সুযোগও ছিল বেশি। এখন স্কুল ও ছাত্র অনেক বেড়েছে কিন্তু জমি গেছে কমে। অধিকাংশ স্কুলে খেলার মাঠ নেই। তাই খেলার সুযোগ কম। তবে কার্ড বইয়ে ঐতিহ্যবাহী যে সকল খেলার পরিচিতি-কৌশল তুলে ধরা হয়েছে সেগুলো স্বল্প পরিসরেও খেলা সম্ভব। শারীরিক শিক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ শিক্ষাকে আরো কার্যকর করবে।
বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে শারীরিক সক্ষমতা প্রয়োজন। হতাশা এবং অবসাদ কাটাতে ক্রীড়ার চেয়ে ভালো উপায় নেই। ‘খেলতে খেলতে শেখা’ কার্ড-বইটি বাংলাদেশের শিশু-কিশোরদের মানসিক গঠনে ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের কাজের ও শেখার সক্ষমতা বাড়াবে। এ প্রকল্প অবিরত এবং নিয়মিতভাবে চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাকক্যাবে বলেন, বইয়ে উল্লেখিত খেলাগুলো নিশ্চিতভাবেই এদেশের, যার অনেকগুলোই বিলুপ্তির পথে। এগুলো শিশুরা শিখতে পারবে। সমাজের প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে বইটি প্রকাশে আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি।
অল রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, দেশের ক্রীড়া জগতে ঐতিহ্যবাহী খেলাগুলো অনুপ্রেরণাদায়ক শক্তি। জাতীয় ক্রীড়াক্ষেত্রে এটি প্রয়োজনীয় শক্তি জুগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক রোজমেরি আর্নট ও কাউন্সিলের পরিচালক (পার্টনারশিপস এন্ড প্রোগ্রামস) রবিন ডেভিস।
