বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক চমত্কার :মজীনা

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৩৭
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক চমত্কার উল্লেখ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্কারে তিনি একথা বলেন। মজিনা বলেন, বাংলাদেশে আরো উন্নয়নে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুই গণতান্ত্রিক দেশের মধ্যে দ্বিপক্ষীয় চমত্কার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী বছরগুলোতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদী। আর এর সুফল ভোগ করবে জনগণ। সাক্ষাত্কালে রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের ওকলাহামায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় শোক ও সহমর্মিতা প্রকাশ করেন। এসময় তিনি সাভারে সম্প্রতি রানা প্লাজা ধসে নিহত গার্মেন্টস শ্রমিকদের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া আধুনিক চিকিত্সা সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের জাতীয় সংসদকে আধুনিকায়নের দিকে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্কালে ড্যান মজিনা ২০তম রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদকে অভিনন্দন জানান এবং তাকে সাক্ষাতের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান। মজিনা বলেন, ‘আপনিই রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত ব্যক্তি। আপনি সত্যিকারের রাজনীতিবিদ এবং জনগণের প্রতিনিধি। এদেশের জন্য আপনার প্রয়োজন।