ওয়ান ইলেভেনে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত সরকারের প্রথম অর্থ বছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রায় ২৩ কোটি টাকার অনিয়ম হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। কমিটি আগামী দু’মাসের মধ্যে টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
এম এ মান্নানের সভাপতিত্বে বৈঠকের শুরুতে ২০০৭-২০০৮ অর্থ বছরের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট অডিট আপত্তি এবং মন্তব্যের অনুচ্ছেদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। মোট ছয়টি আপত্তিতে অনিয়ম হয়েছে ২২ কোটি ৮১ লাখ ১৫ হাজার ২২৩ টাকার। এ ব্যাপারে কমিটির নিকট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সন্তোষজনক কোন ব্যাখ্যা দিতে পারেনি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে জেট এ-১ ফুয়েল সরবরাহকালে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা প্রদান করা হয়েছে। এতে করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তথা সরকারের ক্ষতি হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৪৯১ টাকা। অপরদিকে বিপিসি কোন দরপত্র আহ্বান ছাড়াই বেশি হারে ভাড়া নির্ধারণ করে ট্যাংকারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক পণ্য পরিবহন করায় ক্ষতি হয়েছে ৬ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ২৮ টাকা।
বৈঠকে কমিটির সদস্যরা উক্ত দু’টি বিষয়ে অডিট আপত্তির প্রেক্ষিতে আগামী দু’মাসের মধ্যে দায়-দায়িত্ব নির্ধারণ করতে বলেছেন। সে সাথে আপত্তিকৃত টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় প্রমাণসহ সিএজি’র মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
এছাড়া চট্টগ্রাম থেকে পেট্রোলিয়ামজাত পণ্য বাঘাবাড়ী ডিপোতে সরাসরি পরিবহন না করে গোদনাইল হয়ে পরিবহন করা হয়েছে। এর ফলে একবারের স্থলে দু’বার পরিবহন ঘাটতি ও অতিরিক্ত ভাড়া প্রদান করায় আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৭৯৫ টাকা। একই অর্থ বছরে গ্রাহকের গ্যাস কারচুপির কারণে মিটার অপসারণ করা সত্ত্বেও গ্যাস সংযোগ অবিচ্ছিন্ন রেখে নতুন মিটার প্রদান এবং মিটার বিনষ্টের প্রতিবেদন দাখিল বিলম্বিত করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিলো। ফলে ক্ষতি হয়েছে ৪২ লাখ ৫৩ হাজার ৩১৯ টাকা।
অন্যদিকে জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্পের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের ও কল্যাণ তহবিলের অর্থ সাধারণ হিসাবে স্থানান্তরপূর্বক বিধিবহির্ভূতভাবে অন্য খাতে ব্যয় প্রদর্শনের মাধ্যমে তছরূপ ও আত্মসাত্ করা হয়েছে। আর এতে ক্ষতি হয় ৩২ লাখ ৬০ হাজার ৯১০ টাকা। প্রকল্পের ব্যবস্থাপক বিভিন্ন অনিয়ম ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত্ করায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
কমিটি এসব ঘটনার জন্য যাদের দায়-দায়িত্ব রয়েছে তাদেরকে চিহ্নিত করতে বলেছে। এছাড়া আগামী ২ মাসের মধ্যে সমুদয় টাকা আদায় করার ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সদস্য চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুুস শহীদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোহাম্মদ ছায়েদুল হক, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ এবং মোছাম্মত্ ফরিদা খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন।
