নোয়াখালী পুলিশ লাইনে ভবনধস আতঙ্ক

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৩৮
নোয়াখালী পুলিশ লাইনে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলোতে নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন পুলিশ সদস্য ও তাদের পরিবারের ৫ শতাধিক সদস্য। সব সময় তারা ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় আতঙ্কিত থাকেন। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ লাইনে রিজার্ভ পুলিশ পুরুষ ও মহিলা কর্মকর্তা এবং সদস্যদের জন্য ৩ তলা বিশিষ্ট দুটি ব্যারাক ভবন রয়েছে। পুরুষ ব্যারাকে ২৬০ জন ও মহিলা পুলিশ ব্যারাকে ৫৯ জন সদস্য বসবাস করছেন। এ ছাড়া ওই কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের পরিবারের জন্য আরো ৬ টি ৩ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার ভবন রয়েছে। এই ৬টি ভবনে ৭২ টি পরিবার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৬০ টি পরিবার। এসব পরিবারের সদস্য সংখ্যা ৩ শতাধিক। অধিকাংশ স্টাফ কোয়ার্টার ভবনের নিচতলা বসবাসের অযোগ্য হওয়ায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, পুরুষ ব্যারাক ভবনের পিলার ভেঙ্গে রডগুলোতে মরিচা ধরে আছে এবং একই অবস্থা ব্যারাকের ভিতরেও। থাকার কক্ষের ছাদ ও দেয়ালের আস্তর খসে রডগুলোর একই দশা। বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে সিলিং ফ্যান ঘুরছে। বাথরুমগুলোতে অনবরত পানি ঝরে স্যাঁতস্যাঁতে হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে আছে। ভাঙ্গা দরজা-জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে। ছাদ আর দেয়ালের আস্তর খসে পড়ে ময়লা পানি জমে বিষাক্ত কীটপতঙ্গ বাসা বেঁধেছে। নোংরা পানি ডিঙ্গিয়ে সিঁড়ি দিয়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠতে হয়। ভবনের ছাদ ও দেয়ালের অবস্থা ব্যারাকের চাইতেও অনেকগুণ বেশি জরাজীর্ণ। ভবনের বাইরের দেয়ালে গাছ জন্মেছে, ফাটল দেখা দিয়েছে। স্টাফ কোয়ার্টারের বাসিন্দা পুলিশ সদস্য জসিম উদ্দিনের কন্যা নবম শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার বলে, বাবা দিনরাত বাইরে থাকেন। মা, ভাই-বোন মিলে পরিবারের ৫ সদস্য বাসায় আতঙ্কের মধ্যে থাকি—কখন না জানি বিল্ডিং ধসে পড়ে! এ অভিযোগ শুধু জুলেখার একার নয়। কোয়ার্টারের প্রায় সব বাসিন্দার। ১৯৭২ সালে নোয়াখালী পুলিশ লাইনে ব্যারাক ও ভবনগুলো নির্মিত হয়েছে। দীর্ঘ ৪১ বছরে ভবগুলো ঠিকমত মেরামত না করায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।