কলাপাড়ায় মহাসেনের তাণ্ডবে দিশেহারা মধ্যবিত্ত চাষিরা

আপডেট : ২১ মে ২০১৩, ২২:৪১
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের নার্সারার (কার্প মাছের পোনা উত্পাদক) মোশারফ হোসেন (৪০) তার চারটি পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা চাষ করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘মহাসেনে’র প্রভাবে অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় পানির সাথে তার পুকুরের এক লাখ ৮০ হাজার টাকার পোনা মাছ ভেসে গেছে খালে-বিলে। ঝড়ের তাণ্ডবে বসতঘরটিও দুমড়ে মুচড়ে গেছে। নিজের এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন প্রায় ১০ লাখ টাকা। এখন বসতঘর আর ব্যবসায়িক মূলধন হারিয়ে তিনি পথে বসেছেন। শুধু মোশারফই নয় কলাপাড়ার এমন আরো অনেক মধ্যবিত্ত কৃষককে পথে বসিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। তারা না পারছেন ত্রাণ নিতে, না পারছেন কারো কাছে হাত পাততে। ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মোশারফ বলেন, ‘আমরা গরীব অইলেও ভালো অইতো। ত্রাণের লইগ্যা মেম্বার-চেয়ারম্যানের পিছনে দৌড়াইতাম। কিছু ক্ষতিপূরণও পাইতাম। এহন মোরা পিছনে পিছনে দৌড়াইতেও পারমু না ক্ষতিপূরণের এক কানাকরিও পামু না।’ ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর তাণ্ডবে বন্ধ হয়ে গেছে কলাপাড়ার এমন অনেক চাষির আয়ের চাকা। নিম্নআয়ের পরিবারের সদস্যরা ত্রাণসহ সকল প্রকার সহযোগিতা হাত পেতে গ্রহণ করলেও এ ক্ষেত্রে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের কৃষকেরা। তারা ত্রাণের জন্য ধরনা না দেয়ায় প্রচণ্ড অর্থনৈতিক সঙ্কটে পড়ে ক্রমেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। একই গ্রামের সবজি চাষি দেলোয়ার গাজী (৪০) জানান, তিনি ১৩ একর জমিতে এক লাখ ৫০ হাজার টাকা ব্যয় করে চিচিঙ্গা, লাউ, করলা, ঝিঙ্গা, বরবটি, কুমড়া, মিনাসহ বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত ও মাচা প্রস্তুত করেছেন। সবজি গাছ থেকে ঝড়ের এক সপ্তাহ আগে এক লাখ চারা সবজি বিক্রি করেছি। কিন্তু গত বৃহস্পতিবারের ঝড়ে আমার ১৩ একরের সবজি ক্ষেত মাচাসহ মাটিতে লুটিয়ে পড়ে। গোড়ায় বৃষ্টির পানি জমে মরে গেছে সব সবজি গাছ। দেলোয়ার বলেন, ‘হিংস্র ঝড় আমার এমন ক্ষতি না করলে এই সিজনে কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা বিক্রি করতাম। আমার ও আমার পরিবারের সর্বস্ব বন্ধক দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রকল্প গ্রহণ করেছি, কিন্তু সব শেষ। এহন নতুন কইর্যা ঋণ লইয়্যা আবার শুরু করতে অইবে। আমাগো কেউ দান খয়রাত দেয় না। আল্লাই আমাগো সহায়।’ একই অবস্থা উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্র, মাঝারি ও বড় বড় চাষিদের। উপজেলার ১২টি ইউনিয়ন এবং কলাপাড়া ও কুয়াকাটা পৌর এলাকায় এক হাজার ৯৫ একর জমির দেড় কোটি টাকার ফসল সম্পূর্ণ এবং তিন শতাধিক মাছের খামার ও নার্সারীর তিন কোটির অধিক টাকার চারা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিভিন্ন প্রজাতির সবজি, চিনাবাদাম, মিষ্টি আলু, মরিচ, তিল, মুগডাল জাতীয় রবিশস্যের। এছাড়া শাকসবজির চাষিরাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এসব কৃষক পরিবারের অনেকে ক্ষতিপূরণ না পেলে আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।