বাতাসে আনন্দের ঢেউ, চোখের কোণে মেঘের আনাগোনা, চেনা জানালায় হঠাত্ অচেনা অজানা গান আর অবশেষে পোড়ামনের নীরব দীর্ঘশ্বাস। সব ভালোবাসার পরিসমাপ্তি হয়তো এমন নয়, তারপরেও ভালোবাসার সাথে কোথায় যেন প্রাপ্তি-অপ্রাপ্তি শব্দযুগল আলিঙ্গন করে আছে। এমনি জীবনঘনিষ্ঠ গল্প অবলম্বন করে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র তৃতীয় চলচ্চিত্র ‘পোড়ামন’। অহর্নিশ প্রেমের গল্প ‘পোড়ামন’ নিয়ে লিখেছেন রুদ্র মাহফুজ
বিষয়টি নতুন কিছু নয়; গল্প, গান ও দৃশ্যায়নে ভালোলাগার মতো চমক বরাবরই জাগিয়েছে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেশীয় চলচ্চিত্র শিল্পকে আরও যুগোপযোগী, আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি দর্শকদেরও পুনরায় প্রেক্ষাগৃহমুখী করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। গল্প, গান এবং লোকেশনে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সংযোজন ঘটাচ্ছে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’। ইতোমধ্যে ‘ভালোবাসার রঙ’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সেই প্রত্যাশার অনেকটাই বাস্তবায়ন ঘটেছে। তৃতীয় ছবি দিয়ে চলচ্চিত্রের ক্যানভাসে আরও কিছুটা নব সংযোজন ঘটাতে যাচ্ছেন তারা। অপেক্ষার পালা প্রায় শেষ। শুটিং-ডাবিং-এডিটিং শেষ করে সিনেমাটি এখন মুক্তির দোরগোড়ায়। প্রথমদিকে দিনক্ষণ ওইভাবে নির্ধারিত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে জানা গেছে, আগামী মাসের ১৪ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘পোড়ামন’। তাদের প্রথম দুই ছবির নাম ভালোবাসা দিয়ে হলেও তৃতীয় ছবিও তারা সাজিয়েছেন ভালোবাসার নিখুঁত আবরণ দিয়েই। তবে প্রথম দুই ছবির সঙ্গে পুরোটাই আলাদা ‘পোড়ামন’। গল্প-লোকেশন তো বটেই, নির্মাতা এবং কলাকুশলীরাও বদলে গেছেন এখানে। অসংখ্য ব্যবসা সফল রোমান্টিক সিনেমার নির্মাতা জাকির হোসেন রাজু নির্দেশনা দিয়েছেন সিনেমাটি। আর রাজুর পরিচালনা নিয়ে নতুন করে বলার তেমন কোনো অবকাশ নেই। নিখুঁত, পরিচ্ছন্ন আর নিজের মনের মতো না হওয়া পর্যন্ত স্বস্তি পান না এই পরিচালক। ‘পোড়ামন’ নিয়ে জাকির হোসেন রাজু বলেন, ‘অনেকদিন পর আমি আমার সবটুকু মেধা উজাড় করে দিয়ে কাজ করতে পেরেছি, এটাই আমার বড় তৃপ্তি। তবে এই বিষয়টি সম্ভব হয়েছে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র সার্বিক সহযোগিতা ও উদারতায়। সৃষ্টিশীল এবং মানসম্পন্ন কাজের জন্য যা যা করা দরকার সবকিছুই তারা সংযোজন করেছেন নিষ্ঠার সঙ্গে। বিশাল বাজেটের এই ছবিটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক গর্ববোধ করছি। আমি মনে করি দর্শকরা তাদের নিজেদের বিনোদনের খোরাক পেতেই ছবিটি দেখতে যাবেন বন্ধু ও পরিবার নিয়ে।’
‘পোড়ামন’ সিনেমাটিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া সায়মন সাদিক। তার বিপরীতে রয়েছেন ‘ভালোবাসার রঙ’ ও ‘অন্যরকম ভালোবাসা’র নায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে তিনি তার মেধা, যোগ্যতা ও গ্ল্যামার দিয়ে চলচ্চিত্রে জনপ্রিয়তার দৌড়ে অনেকটাই এগিয়েছেন, সফলতাও পাচ্ছেন। কিন্তু এবার যেন সেই আলোচনার পাল্লাটা আরও খানিকটা ভারী হবে তার—মাহি তো বটেই ছবির পরিচালক জাকির হোসেন রাজুর মনেও এমন আত্মবিশ্বাস। কারণ এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো সম্পূর্ণ গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখানে পরী নামের গ্রামের হতদরিদ্র এক স্কুলপড়ুয়া মেয়ের ভূমিকায় রূপদান করেছেন মাহি। এ কারণে তার অঙ্গসজ্জা ও রূপসজ্জায়ও আনা হয়েছে সম্পূর্ণ ভিন্নমাত্রা। যা দেখে দর্শকদের কাছেও মনে হবে এ এক নতুন মাহি। আর সায়মন অভিনয় করেছেন গ্রামের ডানপিটে স্বভাবের এক ছেলের চরিত্রে। তার চরিত্রের নাম সুজন। পুরো গ্রামবাসী অতিষ্ঠ সুজনের দুরন্তপনায়। কিন্তু হিতে বিপরীত হবে বলে ভয়ে কেউ কিছু বলতে পারে না। একদিন ঘটনাচক্রে পরীর দেখা পায় সুজন। পরীর নিষ্পাপ মুখ এবং দারিদ্রতায় কেমন যেন একটা মায়া জন্মে সুজনের মনের চোরকুঠরিতে। তারপর ধীরে ধীরে হয় তাদের কথপোকথন, হূদয়ের আপনের আপন। প্রেম-ভালোবাসা কী—দু’জনেই তারা জানে না, বোঝেও না। প্রকৃতি এবং আশপাশের নানা ঘটনাই তাদের মধ্যে এক ধরনের বোধের জন্ম দেয়, এক ধরনের অদ্ভুত ভালোলাগা সৃষ্টি হয় দু’জনের প্রতি। কিন্তু যখনই তারা বুঝতে পারে দু’জনের মধ্যে কিছু একটা ঘটছে, তখনই এলোমেলো হয়ে যায় সবকিছু। নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় গল্পের। ছবিটির গল্প এবং চরিত্র নিয়ে মাহি বলেন, ‘আমি নিজেই অভিভূত এ ধরনের চরিত্র পেয়ে। এ ধরনের গ্রামের পোশাক, চালচলন, আচার-আচরণ আর ছবির গল্প সবকিছুতেই আমি মুগ্ধ। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতি আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেকখানি। আমার ধারণা এখন থেকে সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারব।’ ‘পোড়ামন’ ছবিটি নিয়ে ছবির পরিচালক জাকির হোসেন রাজু আরও বলেন, ‘আমার অনেকগুলো সিনেমার মধ্যে এ ছবিটি অন্য রকম। অবশ্য তার কারণও রয়েছে বেশকিছু। তারমধ্যে প্রধান কারণ হলো প্রযোজকের উদার মানসিকতা। মনের মতো কাজ করতে যখন যা চেয়েছি তার সবটুকুই দিয়েছে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’। অন্যদিকে ছবির অভিনয় শিল্পীরাও নিজেকে উজাড় করে দিয়ে কাজ করেছেন। আর গল্প আর গানের মধুরতার কথা না হয় বাদই দিলাম। ছবির লোকেশনেই যেন সবটুকু বিনোদন পাবে দর্শক। এর বেশি বলব না। আমি মনে করি ‘পোড়ামন’ চলচ্চিত্রের চলমান পরিবেশে নতুন আলোর পথ দেখাবে।’
ছবিটি নিয়ে ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র সিইও মনোয়ার এহতেশাম শীশ বলেন, ‘এখানে আমার কিংবা প্রতিষ্ঠানের মন্তব্যটা তেমন জরুরি না। আমরা তো আমাদের মনের মতো বানিয়েছি। এখন দর্শকরা কতটা তৃপ্তি পাবে সেটাই বড় বিষয়। তবে ছোট্ট একটা কথা হলো, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন কিছু চমকের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করার। এ ছবিতে এমন কিছু রয়েছে যা দর্শকের কাছে হবে একদমই নতুন। আমরা এমন কিছু লোকেশনে শুটিং করেছি, যেখানে কখনই কেউ ইতিপূর্বে শুটিংয়ের কথা চিন্তা করেনি। আমার প্রত্যাশা দর্শক ‘পোড়ামন’ দেখতে এসে মন ভালো করে বাড়ি ফিরে যাবে।’
‘পোড়ামন’ সিনেমার ৮০ ভাগ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরি, নীলচিল, মেঘলাসহ মায়ানমার সীমান্তের বেশকিছু মনোরম লোকেশনে। গানের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা, রয়েছে নতুন সংযোজন। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা এবং শফিক তুহিন। কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। আব্দুল্লাহ জহীর বাবুর কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, আনিসুর রহমান মিলন, লাক্স তারকা বিপাশা, ডন রতন, রেহিনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা ও মিশা সওদাগর।
