সাবলীল উপস্থাপনার মাধ্যমেই মারজিয়া কবীর সনিকা অসংখ্য মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তিনি ডিজে বা ডিস্ক জকি হিসেবে সাফল্যের সাথেই কাজ করছেন। এই প্রতিভাময়ী তরুণীর সাফল্যের গল্প শোনাচ্ছেন
খালেদ আহমেদ
ও ছবি তুলেছেন
সাফাওয়াত খান সাফু
ছোটবেলাতেই মনে স্বপ্ন আঁকেন মিডিয়ায় কাজ করবেন বলে। তা হতে হবে একটু ভিন্ন ধরনের কাজ। তাই শোবিজ জগতের সব এরিনা ছেড়ে সনিকা বেছে নিয়েছেন ডিজে বা ডিস্ক জকির কাজটি। তরুণ প্রজন্মের কাছে ডিজে সনিকা একটি পছন্দের নাম। নিজের মেধার বিচ্ছুরণ ঘটিয়ে এই কাজে সফলতা অর্জন করেছেন। তার এই সাফল্যের পেছনের রহস্য কী জানতে চাইলে সনিকা বলেন, ‘আমি প্রতিটি কাজ ভালোবেসেই করি। সেই সাথে প্রতিটি মানুষকে সম্মান করি এবং সময় মেনে চলি। এই সবকিছুর সমন্বয়েই আমার আজকের এই অবস্থানে আসা।’ বর্তমানে তিনটি চ্যানেলে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটছে সনিকার। এগুলো হলো—একুশে টেলিভিশনে ‘মিউজিক স্টেশন’ (যা প্রচার হয় প্রতি সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে), আরটিভিতে ‘টপচার্ট’ (যা প্রচার হয় প্রতি সোমবার সন্ধ্যা ৬টায়) এবং এসএ টিভিতে ছেলেদের ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘ম্যান’ (যা প্রচার হয় প্রতি শুক্রবার রাত ৯টায়)। এরমধ্যে ‘ম্যান’ অনুষ্ঠানটি পুরোপুরি ছেলেদের জন্য। এখানে ছেলেদের হাল সময়ের ফ্যাশন, লাইফস্টাইল টিপস, নতুন গ্যাজেটসহ নানা বিষয় উপস্থাপন করেন বলে জানালেন সনিকা। তিনটি অনুষ্ঠানের মধ্যে আপনার কোনটি বেশি পছন্দ? এমন প্রশ্নের উত্তরে সনিকা বলেন, ‘তিনটিই আমার কাছে সমানভাবে ভালো লাগে। তবে মিউজিক নিয়ে অনুষ্ঠান বেশি পছন্দের। এটা আমি এনজয় করি।’ একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ কী? উত্তরে সনিকা বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করাই হলো একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ।’ উপস্থাপনায় আপনার কোন জিনিসটি ভালো লাগে? প্রশ্ন শুনে তিনি মৃদু হেসে বলেন, ‘আমি উপস্থাপনা করে অনেক প্রশংসা পাই। আর তরুণদের মাঝেও বেশ রেসপন্স পাই। সুখের বিষয় হলো, তারা যে আমাকে অনেক ভালোবাসে এবং উপস্থাপনার মাঝেও তারা ডিজে সনিকাকে খোঁজে। সেটাই আমার পরম পাওয়া।’ একজন উপস্থাপকের কী কী গুণ থাকতে হয়? জবাবে তিনি বলেন, ‘প্রথমেই প্রয়োজন হয় উপস্থিত বুদ্ধির, এরপর সঠিক উচ্চারণ ও প্রতিটি সেক্টরের বেসিক নলেজ রাখা।’ সনিকা ডিজে হিসেবে কাজ করছেন সফলতার সাথেই। দেশের গণ্ডি পেরিয়ে তিনি বিদেশেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছেন দিন দিন। এরই মধ্যে আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন। খুব শিগগিরই ইন্ডিয়া যাচ্ছেন প্রোগ্রাম করতে। আমাদের দেশে ডিস্ক জকির বর্তমান অগ্রগতি সম্পর্কে সনিকা বলেন, ‘এখন তো ডিজে পেশাটিকে তরুণ জেনারেশন ক্যারিয়ার হিসেবে নিতে পারছে। আগে এটা ছেলেদের জন্য ছিল। কিন্তু সময় বদলেছে। বর্তমানে মেয়েরাও এটা পেশা হিসেবে নিচ্ছে এবং ভালো করছে।’ তিনি আরও বলেন, ‘একজন ভালো ডিজে হতে হলে মিউজিক সম্পর্কে ধারণা থাকতে হবে। মিউজিক হিস্টরি সম্পর্কে জানতে হবে। নিজের পছন্দের গানই শুধু বাজালে হবে না বরং অডিয়েন্সের পছন্দকে প্রাধান্য দিতে হবে। সেইসাথে ক্রাউড হ্যান্ডেল করার যোগ্যতাও থাকতে হবে।’ ঢাকাতেই বেড়ে ওঠা এই তরুণী সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন। আগামীতে অডিও ইঞ্জিনিয়ার হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি তিনি বেস্ট ডিজে হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়ায় অনেক অনুপ্রাণিত হয়েছি আরও ভালো কিছু কাজ করার জন্য।’ ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে সনিকা মৃদু হেসে বলেন, ‘আসলে স্বপ্ন তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। উপস্থাপনা চালিয়ে যাব। আর ইচ্ছা আছে ইন্টারন্যাশনালি দেশি মিউজিককে উপস্থাপন করার।’ আগামী দিনগুলোতে অভিনয় করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয় করার ইচ্ছা আছে। ফিল্মে অভিনয়ের অফারও আসছে। ভালো গল্প ও পরিচালকের সাথে কাজ করতে অসুবিধা নেই। তবে অবশ্যই বেছে বেছে কাজ করতে চাই। কেননা সেই সব চরিত্রগুলোই করব, যেখানে আমার প্রয়োজন আছে। ওই সব চরিত্রে কাজ করলে নিজের অভিনয়ের সবটুকু দিতে পারব বলে মনে করি।’
