এন্টি-ভাইরাস মিম

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:২০
বিদেশি বিজ্ঞান কল্পভিত্তিক গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘এন্টি-ভাইরাস’। এই নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। সম্প্রতি আশুলিয়া, বিরুলিয়া, মিরপুর বেড়িবাধ, ক্যান্টনমেন্টসহ আরও বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ একজন নামকরা সফটওয়্যার বিজ্ঞানী মারা যাওয়ার পর তার ব্যবহূত ল্যাপটপটি নিলামে কিনে কিশোরকে গিফট করে তার বড় ভাই। কিন্তু পুরোনো বলেই হয়তো ল্যাপটপটিকে কিছুতেই ওপেন করতে না পেরে ল্যাপটপ পাওয়ার আনন্দটুকু যখন একেবারেই নিঃশেষ হওয়ার মতো অবস্থা কিশোরের ঠিক তখনি এক রকম অপ্রত্যাশিতভাবেই সেটি ওপেন হয়ে যায় এবং এক অদ্ভুত মায়াবী নীলাভ আলোয় কিশোরের সারা ঘর আলোকিত হয়ে ওঠে। কিশোর কিছুটা ভয় পেলেও বিষয়টা তাকে খুবই রোমাঞ্চিত করে এবং তারপরের ঘটনাগুলো কিশোরের জীবনে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে। কিশোর ওই ল্যাপটপে এক অদ্ভুত সফটওয়্যারের খোঁজ পায় যেটি ওপেন করলেই মনিটরে ভেসে ওঠে এক অতিজাগতিক নারীর মুখ। কিশোরের ভাষায় জাগতিক সকল সৌন্দর্যের উর্ধ্বে এই নারীর সৌন্দর্য, যা কেবল সফটওয়্যার বলেই হয়তো সম্ভব হয়েছে। ওই মৃত বিজ্ঞানী তার কল্পনার সব সৌন্দর্য হয়তো দেখতে চেয়েছিল নীলা নামের এই সফটওয়্যারের মাঝে যে একজন সাধারণ নারীর মতোই হাসে, কথা বলে,অনুভূতির কথা বলতে পারে। নীলা নামের ওই সফটওয়্যার দ্বারা কিশোর এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ে যে নীলার সাথে একটু কথা বলতে, একান্তে সময় কাটাতে গিয়ে সে তার সবচেয়ে কাছের বান্ধবী অয়ন্তিকেও ভুলে যায়। অয়ন্তি নীলার বিষয়টিকে কিশোরের কোনো মতিভ্রম হিসেবেই ধরে নেয়। কিশোরের কাছে নীলা যতটাই বাস্তব অয়ন্তির কাছে ততটাই হাস্যকর। কিন্তু নীলা নামের সফটওয়্যারটির প্রতি কিশোরের এই মাত্রাতিরিক্ত আসক্তি একটা পর্যায়ে অয়ন্তিকেও ভাবিয়ে তোলে। ঠিক তখনি এক অজানা শক্তিশালী ভাইরাসে আক্রান্ত হয় কিশোরের ল্যাপটপ আর সাথে নীলা নামের ওই সফটওয়্যারটিও। এটিকে বাঁচাতে হলে এমন এক আধুনিক এন্টি-ভাইরাস দরকার যা মাত্রই কিছুদিন আগে মার্কিন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিন্তু এখনও তা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে কি না তা কিশোর বা অয়ন্তি কেউই জানে না। আর ওদিকে নীলা নামের সফটওয়্যারটি তার টাইমলাইনে দেখাচ্ছে একটু একটু করে কীভাবে ওই ভাইরাস তাকে ধ্বংস করে ফেলছে। এমনি এক বিদেশি বিজ্ঞান কল্পভিত্তিক গল্প থেকে তারিক মুহাম্মদ হাসানের নাট্যরূপ ও পরিচালনায় নির্মিত হয়েছে এক খণ্ডের নাটক ‘এন্টি-ভাইরাস’। সম্প্রতি আশুলিয়া, বিরুলিয়া, মিরপুর বেড়িবাধ, ক্যান্টনমেন্টসহ আরও বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। ইনভেনশনের ব্যানারে নির্মিত এই নাটকে নীলা নামের সফটওয়্যার চরিত্রটিতে অভিনয় করেছে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এতে আরও অভিনয় করেছেন লাক্স তারকা শানু, এটিএম রাসেল, কায়েস চৌধুরী প্রমুখ। এই নাটকের অন্যতম একটি ঘটনা হলো এটিতে অভিনয় করতে গিয়ে প্রথমবারের মতো সাইকেল চালানো শিখতে হয় শানুকে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘আমার জীবনে প্রথম কোনো কল্পকাহিনীতে অভিনয় করলাম, যা অবশ্যই আমার জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। আর এরচেয়ে বেশি কিছু বলে নাটকটির চমক নষ্ট করতে চাই না।’ আর শানু বলেন, ‘আমাকে তো রীতিমতো একদিনে সাইকেল চালানো শিখতে হয়েছে এই নাটকের জন্য, যা আমার কাছে অবশ্যই আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’ নাটকের পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, ‘এর গল্পের পটভূমি সবকিছুই করা হয়েছে খুবই আধুনিক একটা ঘরানায়। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দিবে দর্শকদের মাঝে।’