ছেচল্লিশে পা রাখা মাধুরী দীক্ষিত আজও দর্শক চিত্তে দারুণভাবে দোলা দিতে পারেন। এখনও সিনেমার পর্দায় দুর্দান্ত নাচের ঝড় তুলতে পারেন। আজও মাধুরীর মিষ্টি হাসি জাদুকরি আবেশ ছড়ায় সবার হূদয়ে। দীর্ঘ সময় পর আবারও বলিউডে বিচরণ করছেন মাধুরী। হিন্দি সিনেমার ড্যান্সিং ডিভা, অসাধারণ মেধাবী জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
এখন টিভি পর্দায় সবার চোখ মাধুরী দীক্ষিতের দিকে। মাধুরী নাচছেন। ঘাগড়া পরা মাধুরী নাচছেন একঝাঁক নারী-পুরুষ পরিবেষ্টিত হয়ে। তার চোখে মুখে অনেক উচ্ছ্বাস। ওখানে উপস্থিত এক যুবক তার নাচে মুগ্ধ, আবিষ্ট। নিজেকে আর ধরে রাখতে পারে না। সেও উচ্ছ্বাসে ফেটে পড়ে একসময়। সেই যুবকটিও মাধুরীর সঙ্গে নাচতে গাইতে শুরু করে। তেমন একটি মনমাতানো আইটেম নাচ-গানের দৃশ্য এখন দর্শক ভীষণ আগ্রহ নিয়ে উপভোগ করছেন বিভিন্ন টিভি চ্যানেলে। আগামী সপ্তাহে মুক্তি প্রতীক্ষিত নতুন ছবি ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’র আইটেম সঙ ‘ঘাগড়া’ অনলাইনে এবং টিভি পর্দায় আসতে না আসতেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। আবার অনেকদিন পর মাধুরী দীক্ষিতকে নতুন কোনো হিন্দি সিনেমায় নাচতে গাইতে দেখে দর্শক উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ছেচল্লিশে পা রাখা মাধুরী এ ছবিতে শুধুমাত্র একটি আইটেম সঙে পারফর্ম করেছেন। তার সঙ্গী এই আইটেম সঙের দৃশ্যে পর্দায় দেখা যাচ্ছে এ সময়ের হার্টথ্রব নায়ক রণবীর কাপুরকে। মাধুরী-রণবীরের আইটেম সঙটি ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচিত এই আইটেম সঙটিতে মাধুরীর সঙ্গে নাচার সুযোগ পেয়ে এই প্রজন্মের জনপ্রিয় নায়ক রণবীর কাপুর ভীষণভাবে আনন্দিত। কিশোর বেলা থেকে মাধুরীর প্রতি অনুরক্ত রণবীর একসময়ে শয়নে স্বপনে তার কথাই ভাবতেন। ১৯৯৯ সালে মাধুরী দীক্ষিত যখন আমেরিকা প্রবাসী সার্জন ডা. শ্রীরামে নেনেকে বিয়ে করেন তখন রণবীরের বয়স মাত্র ১৭। ‘মাধুরীর বিয়ে হয়ে যাওয়ায় তখন আমার বুকটা ভেঙে গিয়েছিল, খুব দুঃখ পেয়েছিলাম’, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে রণবীর অকপটে স্বীকার করেন। প্রিয় অভিনেত্রীর সঙ্গে একদিন পর্দায় সবার সামনে উপস্থিত হবেন ভাবতে পারেননি তিনি। ৩০ বছর বয়সী নতুন প্রজন্মের হার্টথ্রব হিরো রণবীর কাপুর ছেচল্লিশে পা রাখা এখনও দারুণ উজ্জ্বল মাধুরীর সঙ্গে আইটেম সঙটিতে পারফর্ম করতে গিয়ে হিমশিম খেলেও পুরো ব্যাপারটিকে চমত্কার স্মরণীয় এক অভিজ্ঞতা বলে মনে করছেন। রণবীরের বাবা একসময়ের জনপ্রিয় নায়ক ঋষি কাপুরের বিপরীতে ‘ইয়ারানা’, ‘সাহিবান’ ও ‘প্রেমগ্রন্থ’ তিনটি ছবিতে নায়িকা হয়েছিলেন মাধুরী। ঋষি কাপুরের ছেলে রণবীরের সঙ্গে নাচতে পেরে মাধুরীও বেশ উল্লাসিত। ‘আমি রণবীরকে নতুন প্রজন্মের সেরা অভিনেতা মনে করি। পর্দায় দর্শক তার সঙ্গে আমাকে ‘ঘাগড়া’ আইটেম সঙটিতে দেখে অনেক মজা পাচ্ছেন—ব্যাপারটি বেশ অনুপ্রাণিত করেছে আমাকে’, মাধুরী বলেন। বিয়ের পর ৯ বছর আমেরিকা স্বামী ও সন্তানদের সঙ্গে প্রবাস জীবন কাটিয়েছেন মাধুরী প্রায় নয় বছর। গত ২০১১-তে সব তল্পিতল্পা গুটিয়ে ভারতে ফিরে এসেছেন তিনি। আবার সংসার পেতেছেন মুম্বাই শহরে। নয় বছরের প্রবাসজীবন কাটিয়ে মুম্বাই ফেরার পর টেলিভিশনে নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখা লা জা’য় বিচারক হিসেবে মাধুরীর উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানটির ফাঁকে সবার অনুরোধে মাঝেমধ্যে কয়েক পাক নাচতে হয়েছে তাকে। তার সেই নাচ অগণিত দর্শককে আবিষ্ট করেছে। এখনও তিনি ফুরিয়ে যাননি। চাইলে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্মানজনক অবস্থানে নিজেকে ধরে রাখতে পারেন—তেমন আত্মবিশ্বাসী থেকেই মাধুরী ইতোমধ্যে ‘গুলাব গ্যাং’ এবং ‘দেড় ইশকিয়া’ ছবি দুটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। নারী চরিত্রকেন্দ্রিক ছবি দুটিতে তিনি অনবদ্য অভিনয়ের ভিন্ন এক চমক নিয়ে দর্শকদের সামনে দীর্ঘ দিন পর ফিরে আসছেন। কয়েক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘বোম্বে টকিজ’ ছবির একটি নাচগানের দৃশ্যে বলিউডের আরও অনেক সুপারস্টারের সঙ্গে মাধুরীকে দেখা গেছে। প্রযোজক করণ জোহর মাধুরীর সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে তার প্রযোজিত ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আইটেম সঙে পারফর্ম করার অনুরোধ জানালে তিনি আর ‘না’ বলতে পারেননি। আগামী অল্প কিছুদিনের মধ্যে কালারাস টিভি চ্যানেলে শুরু হবে ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখা লা জা’র ৬ষ্ঠ সিজন। তাতে আগের দুই সিজনের মতো বিচারকের আসনে বসবেন ‘ধক্ ধক্ গার্ল’ হিসেবে আলোড়ন সৃষ্টিকারী মাধুরী দীক্ষিত। সম্প্রতি তিনি অন লাইন ড্যান্স একাডেমী খুলেছেন। মাধুরী অনলাইনে শিক্ষার্থীদের নাচের তালিম দেবেন। মুম্বাইয়ের মেয়ে মাধুরী দীক্ষিত ২৮ বছর আগে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে পথ চলা শুরু করেছিলেন। প্রথম ছবিতে সাফল্য না পেলেও পরবর্তী সময়ে ‘তেজাব’, ‘সাজন’, ‘রাম লক্ষণ’, ‘খলনায়ক’, ‘বেটা’, ‘দিল’, ‘রাজা’, ‘হাম আপ কে হ্যায় কৌন’, ‘পরিন্দা’, ‘পুকার’, ‘লজ্জা’, ‘মৃত্যুদণ্ড’, ‘আনজাম’, ‘দেবদাস’ প্রভৃতি ছবিতে নিজেকে একজন যোগ্য সফল তারকা অভিনেত্রীরূপে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি ছবিতেই দর্শক মাধুরী আলাদাভাবে আবিষ্কার করেছেন। এখনও মাধুরী অভিনীত বিভিন্ন ছবির ‘এক দো তিন’, ‘দিদি তেরা দেবর দিওয়ানা’, ‘চোলি কে পিছে’, ‘মেরা পিয়া ঘর আয়া’, ‘চানে ক্ষেত মে’, ‘কে সারা সারা’, ‘ডোলা রে ডোলা’ প্রভৃতি নাচগানের দৃশ্য আজও দর্শকদের আন্দোলিত করে। হালের ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আইটেম সঙটিতে মাধুরী অনকদিন পর আর তার ড্যান্সিং ম্যাজিক নিয়ে আসছেন। ‘ঘাগড়া’ আইটেম সঙটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের অন্যতম সেরা কোরিওগ্রাফার ফারাহ খান। এ গানটি মাধুরীর জনপ্রিয় নাচ-গানের তালিকায় আরেকটি চমকপ্রদ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
