কবিগুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন

আপডেট : ২২ মে ২০১৩, ১৮:৪৮
নড়াইল নড়াইলে দুই দিনব্যাপী পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ উদযাপন। নড়াইলের সাংস্কৃতিক সংগঠন সুরধামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের আসর। গত ২৫ মে রাতে উদ্যাপন পর্ষদের আহ্বায়ক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আ. হাই সিটি কলেজের সহকারি অধ্যাপক মলয় কান্তি নন্দী, সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম, সহযোগী অধ্যাপক শাহানারা বেগম, সহকারী অধ্যাপক কাজী আশরাফ হোসেন, উদযাপন পর্ষদের সদস্য সচিব মো. মাসুদুল হক টুটুল, শিল্পী শুভাশিষ বাগচি, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। বক্তারা বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুবিখ্যাত গ্রন্থ ‘গীতাঞ্জলি’র জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথই প্রথম বাঙালি যিনি এ গৌরবজনক পুরস্কার অর্জন করেন। রবীন্দ্রনাথ তার মহান সৃষ্টিশীলতায় বাংলার মতো একটি আঞ্চলিক ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন।