ভালোবাসাময় এই পৃথিবীর মাঝে যারা এখনো ভালোবাসাহীন দিন-রাত্রি পার করছেন এবার তাদের কথা ভেবেই অভিনব এক উদ্যোগ নিয়েছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগের মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের এই উদ্যোগ শেষতক আশার আলো দেখলে হয়তো ভালোবাসাহীন বহু মানুষকেই সওয়ার হতে দেখা যাবে প্রাগের এই বিশেষ রেল কম্পার্টমেন্টে। আর এই কম্পার্টমেন্ট থেকেই হয়তো তারা খুঁজে পাবেন তাদের জীবনসঙ্গীকে। মূলত একা থাকা মানুষদের কথা চিন্তা করে মেট্রো রেলের বিশেষ একটি কম্পার্টমেন্ট চালু করার এই উদ্যোগের ঘোষণা দিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন প্রাগ রেল বিভাগের কর্তাব্যক্তিরা। তারা জানিয়েছেন, যারা এখনো তাদের ভালোবাসার মানুষটিকে খুঁজে বেড়াচ্ছেন তাদের কথা ভেবেই এ বছরের শেষ দিকে চালু করার হবে ট্রেনের এই বিশেষ কম্পার্টমেন্টটি। আর এটিতে ভ্রমণ করার ক্ষেত্রে তারাই প্রাধান্য পাবেন যারা ব্যস্ত শহরের ভিড়ের মধ্য থেকেই খুঁজে পেতে চান তাদের প্রিয় মানুষটিকে। মূলত একা থাকা মানুষরাই ভ্রমণ করবেন এই কম্পার্টমেন্টে। সেখানে যেমন থাকবে প্রাগের তরুণ-তরুণীরা তেমনি নিজেকে একা ভাবছেন এমন পর্যটকরাও উঠতে পারবেন বিশেষ এই কম্পার্টমেন্টে। আর এভাবেই হয়তো মনের মানুষের দেখা পাবেন তারা। এ নিয়ে এখন যাত্রীদের মধ্যে একটি জরিপও পরিচালনা করছেন নগর-কর্তৃপক্ষের মালিকানাধীন মেট্রো রেলের কর্মীরা। এ প্রসঙ্গে প্রাগ মেট্রো রেলের মুখপাত্র ফিলিপ ড্রাপাল গণমাধ্যমকে জানিয়েছেন, মূলত রেল পরিবহন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে রেলের মতো গণ-পরিবহন ব্যবস্থাকে জনপ্রিয় করতেই এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন তারা। তিনি বলেন, ‘আমরা এ বিষয়টির উপরই জোর দিতে চাই যে গণ-পরিবহন শুধু ভ্রমণের একটি মাধ্যমই নয়, বরং এখানে আপনি এমন অনেক কিছুর খোঁজই পাবেন যা আপনার ব্যক্তিগত গাড়িতে পাবেন না।’ উল্লেখ্য, ১২ লক্ষ মানুষের শহর প্রাগে প্রতি বছর গড়ে ৫৪ লাখেরও বেশি পর্যটক আসেন। অন্যদিকে ৫৯ কিলোমিটারব্যাপী মেট্রো রেলে ২০১১ সালের হিসাব অনুযায়ী যাত্রী ছিল প্রায় ৫৮ কোটি।
