মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

আপডেট : ২২ মে ২০১৩, ২০:২৬
মালয়েশিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে চমড়া ও চামড়াজাত পণ্য, জ্বালানি ও বিদ্যুত্, খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ, গ্যাসচালিত শিল্প-কারখানা, টেলিযোগাযোগ এবং কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল ডিসিসিআই এবং দি এসোসিয়েটেড চাইনিজ চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ মালয়েশিয়ার (এসিসিসিআইএম) মধ্যকার বৈঠকে ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান এ আহ্বান জানান। তিনি ডিসিসিআই এবং এসিসিসিআইএম-এর মধ্যে ২০০৬ সালে স্বাক্ষারিত সমঝোতা চুক্তির ভিত্তিতে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানান। ডিসিসিআইতে অনুষ্ঠিত বৈঠকে দি এসোসিয়েটেড চাইনিজ চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ মালয়েশিয়া (এসিসিসিআইএম)- নির্বাহী উপদেষ্টা টান সিরি দাতো সং সিও হোন্জ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনীতি এক সময় কৃষিভিত্তিক হলেও বর্তমানে উত্পাদন নির্ভর অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তিনি দু’দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য চেম্বারগুলোর মধ্যকার কার্যক্রম আরো বৃদ্ধির আহবান জানান। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান মালয়েশিয়ার ব্যবসায়ীদের ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা গ্রহণ করে এ দেশে বিনিয়োগের আহবান জানান।