মধ্য আফ্রিকার দেশগুলোতে হাতি হত্যায় লিবিয়ার গৃহযুদ্ধের সময় ব্যবহূত শক্তিশালী অস্ত্র ব্যবহূত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ। হাতির দাঁত অত্যন্ত মূল্যবান হওয়ায় মধ্য আফ্রিকার সশস্ত্র গোষ্ঠীগুলো হাতি হত্যা করছে। আর এ কারণে প্রতিবছর প্রাণ হারাচ্ছে কয়েক হাজার হাতি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, হাতি হত্যার কারণে ক্যামেরুন, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ ও গ্যাবনে নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে হাতির দাঁতের অবৈধ বাণিজ্য গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যুদ্ধবাজ পলাতক জোসেফ কোনির লর্ডস রেসিস্ট্যান্স আর্মির (এলআরএ) যোগসূত্র রয়েছে। এলআরএ এবং কোনি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধাপরাধের দায়ে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত। বান কি মুন বলেন, আরো উদ্বেগের বিষয় হচ্ছে, শিকারীরা হাতি নিধনে অত্যাধুনিক শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে, যেগুলো লিবিয়ায় গৃহযুদ্ধ শেষ হওয়ার পর তাদের হাতে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাবনের মিনকেবি পার্কে ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে ১১ হাজার হাতি হত্যা করা হয়েছে। চলতি বছরের শুধু মার্চের এক সপ্তাহেই চাঁদে ৮৬টি হাতি হত্যা করা হয়েছে। এই হাতিগুলোর মধ্যে ৩৩টি ছিল গর্ভবতী। গত বছরের শেষ দুই মাসে ক্যামেরুনের বউবা নাদজিদা জাতীয় পার্কে ৩শ’র বেশি হাতি হত্যা করা হয়েছে।
