ওবামা-শি বৈঠক আগামী মাসে

আপডেট : ২২ মে ২০১৩, ২১:০৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে ক্যালিফোর্নিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। চীনের বিরুদ্ধে বিভিন্ন সময় সাইবার গোয়েন্দাগিরি অভিযোগ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শীতল সম্পর্কের প্রেক্ষাপটে এ বৈঠক হতে যাচ্ছে। আগামী ৭-৮ জুন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিং নগরীর সানিল্যান্ডস অবকাশ কেন্দ্রে ওবামা ও শি এ বৈঠক করবেন। কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী অবস্থা প্রশমনে ও সিরিয়া সংকট নিরসনে চীনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে উভয় নেতার বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ তবে সতর্ক সম্পর্ক বিরাজ করছে।