ইরাকে মঙ্গলবার নতুন করে কয়েকটি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাগদাদ ও বসরার কয়েকটি শিয়া এলাকায় সিরিজ বোমা হামলায় ৭০ জনের মৃত্যুর পরদিনই এ বোমা হামলা হল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত সপ্তাহে সুন্নি-শিয়া উত্তেজনার মধ্যে ২শর’ও বেশি মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ইরাকে এ উত্তেজনা আরো বেড়েছে। এতে করে ইরাক সাম্প্রদায়িক সহিংসতা, রক্তক্ষয়ে নিমজ্জিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার কিরকুকে একটি গবাদিপশুর বাজারে রাস্তার ধারে পেতে রাখা তিনটি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে। তুজ খুরমাতো শহরের একটি আবাসিক এলাকায় দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩ জন। আর বাগদাদের উত্তরে এক আত্মঘাতী বোমা হামলাকারী তারমিয়া তল্লাশিকেন্দ্রে হামলা চালিয়ে ৩ সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিত্সাকর্মীরা।
