মহাকাশে রেকর্ড করা প্রথম গান
মহাকাশচারীদের দলের ক্রিস হ্যাডফিল্ড স্পেস স্টেশনের ভিতরে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন। মহাকাশে রেকর্ড করা এটিই প্রথম গান। আর এর ভিডিও ইউটিউবের সুবাদে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। গিটার হাতে হ্যাডফিল্ড প্রথম স্পেস পপ-তারকার মর্যাদা পাচ্ছেন। আর শুধু এই গানই নয়, স্পেস স্টেশনে গত পাঁচ মাস কাটানোর সময় নিত্য নতুন ছবি আর নানা মন্তব্য পোস্ট করে টুইটারে তার ফলোয়ারদেরও অফুরন্ত বিনোদন জুগিয়েছেন হ্যাডফিল্ড।—বিবিসি
জার্মানিতে পারমাণবিক বর্জ্য
জার্মানিতে পারমাণবিক বর্জ্য কোথায় ফেলা হবে বা সংরক্ষণ করা হবে, তা নিয়ে এখন রীতিমতো সংসদীয় কমিশন বসছে। নিম্ন স্যাক্সনি রাজ্যের আসে’তে ঐ ধরনের একটি পারমাণবিক বর্জ্য ফেলার জায়গা আছে। সেটি পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। পারমাণবিক বর্জ্য রাখা হয় পুরু টিনের ড্রামের মতো ব্যারেলে করে। তাতেও তেজষ্ক্রিয়তা ছড়ানোর বিপদ থাকে। —ডয়েচে ভেলে
প্রবীণদের রাজ্য ‘মন’
মিয়ানমারের ১৪টি রাজ্যের মধ্যে একটির নাম ‘মন’। মন সমপ্রদায়ের লোকেরা সেখানে বাস করে বলেই রাজ্যটির এমন নামকরণ করা হয়ছে। সেখানকার জনসংখ্যার বেশিরভাগই প্রবীণ। তারা শুধু তাদের নাতি-পুতিদের দেখাশুনা করেন। আর তাদের ছেলে-মেয়েরা প্রতিবেশী দেশ থাইল্যান্ডে কাজ করে থাকেন।—এএফপি
কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাশিয়ার পেট্টোপাভলেভিস্ক-কামচাটস্কি নগরীর প্রায় ১৩৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।—এএফপি
