বরিশালে বিদ্রোহী প্রার্থী লাপাত্তা

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৩৮
বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁন নির্বাচনের মাঠ থেকে লাপাত্তা হয়ে গেছেন। বিএনপি’র ৩ মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল ও সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁনকে নিয়ে ১৬ মে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার গুলশানে তার কার্যালয়ে বৈঠক করে আহসান হাবিব কামালকে প্রার্থী চূড়ান্ত করেন। বৈঠক থেকে বেরিয়ে কামরুল আহসান শাহীন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আহসান হাবিব কামালের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। কিন্তু নির্বাচন থেকে তখন সরে দাঁড়াতে আপত্তি তোলেন এবায়দুল হক চাঁন। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা নিয়ে সোমবার বরিশালে আসেন। মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালসহ বিএনপি নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ঐদিন ঢাকা থেকে সড়কপথে বরিশালে এসে নির্বাচনে প্রচারণা শুরু করেন। একই দিন সকালে ঢাকা থেকে নৌপথে বরিশাল এসে ঘরোয়া পরিবেশে সাংবাদিক সম্মেলন করে নাগরিক ফোরামের প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দেন এবায়দুল হক চাঁন। পরদিন তিনি নিজ বাসভবনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন। এরপর আর এবায়দুল হক চাঁনকে নির্বাচনের মাঠে কোথাও দেখা যায়নি। সোমবার থেকে আহসান হাবিব কামালকে নিয়ে মজিবর রহমান সরোয়ার নগরীর ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে বৈঠক ও ব্যাপক গণসংযোগ করলেও দেখা মিলছে না এবায়দুল হক চাঁনের। দলের বিশ্বস্ত সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটি এবায়দুল হক চাঁনকে ঢাকায় তলব করেছেন। এবায়দুল হক চাঁন প্রার্থিতা প্রত্যাহার করতে শর্ত জুড়ে দিয়েছেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জেলা বিএনপি’র সভাপতি’র পদ দাবী করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। চাঁন বলেছেন, আহসান হাবিব কামাল জেলা বিএনপি’র সভাপতির পদটি তাকে ছেড়ে দিলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। মনোনয়নপত্র প্রত্যাহার করে কামালের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিবেন। অন্যদিকে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। মনোনয়নপত্র দাখিল থেকে এ পর্যন্ত তিনি সর্বত্র গণসংযোগ করে যাচ্ছেন। বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মতো আওয়ামী লীগের এ বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চলছে নানামুখী তত্পরতা। উভয় জোটে বিদ্রোহী প্রার্থী ‘ম্যানেজের’ জন্য কেন্দ্র থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মামুনের সাথে ইতিমধ্যেই জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্ব পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।