সিলেটে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে বিএনপি। গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় বিএনপি নানা চেষ্টা করেও কোন কুলকিনারা করতে পারছে না। মেয়র পদে দলীয় সমর্থন প্রত্যাশী চার নেতার মধ্যে ‘সমঝোতার’ প্রচেষ্টা দফায় দফায় হোঁচট খাচ্ছে। দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী অংশ সিলেটে মেয়র পদে মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী করতে চায়। কিন্তু অপর তিন প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান জামান একজোট হয়ে অবস্থান নিয়েছেন আরিফুলের বিরুদ্ধে। তারা তিন জনই আরিফুল হক বাদে ‘তাদের তিনজনের মধ্যে যেকোন একজনকে’ দলীয় সমর্থন দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে দাবি জানাচ্ছেন। এই অবস্থায় দলীয় মেয়র প্রার্থী ঘোষণার জন্য গত সোমবার সিলেটে আসা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও বিপাকে পড়েছেন। তিনি অপর তিন প্রার্থীকে ‘ম্যানেজ’ করে আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণার জন্য গত দু’দিন ধরে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দফায় দফায় কথা বলছেন দলের চার মেয়র প্রার্থীর সাথে। কিন্তু আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অপর তিন প্রার্থী একজোট হওয়ায় শমসের মবিনও সমাধান খুঁজে পাচ্ছেন না। তবে সবশেষ খবরে জানা গেছে, মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৪ প্রার্থীর সঙ্গে দলের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসবেন।
সিলেট বিএনপি এমনিতেই দীর্ঘদিন ধরে কোন্দলে জর্জরিত। এই অবস্থায় আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থিতা নিয়ে সিলেট বিএনপির কোন্দল আরো তুঙ্গে উঠেছে। মেয়র পদে দলের সমর্থন প্রত্যাশী চার নেতাকে কেন্দ্র করে বিএনপি চার টুকরো হয়েছে। এই ভাঙ্গা বিএনপিকে জোড়া লাগিয়ে একক প্রার্থী করার জন্য বিএনপি হাই কমান্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তা কতটুকু ফলপ্রসূ হবে—এ নিয়ে খোদ দলের কর্মী-সমর্থকরাই সন্দিহান।
দলীয় সূত্র জানায়, বিগত চার দলীয় জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে ঘনিষ্ঠতার সুবাদে ওই সময় সিলেট নগরীতে সরকারের পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আরিফুল হক চৌধুরীর সার্বক্ষণিক উপস্থিতি ছিল। তাই মরহুম সাইফুর রহমানের ইমেজকে ব্যবহার করে আসন্ন সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরী ভোটযুদ্ধে উের যেতে পারেন বলে কেন্দ্রীয় বিএনপির একটি অংশ মনে করছে। তাই তারা আরিফের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ওয়ান ইলেভেনের পর দুর্নীতির মামলায় আরিফুল হক চৌধুরী গ্রেফতার হওয়ায় এবং পরবর্তীতে সিলেট বিএনপিতেও তার পদ-পদবি না থাকায় স্থানীয় বিএনপির সাথে তার দূরত্ব বেড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এখন সিলেটে অবস্থান করে একটি দফারফার শেষ চেষ্টা করছেন। গত সোমবার রাতে তিনি আলাদাভাবে কথা বলেছেন মেয়র প্রার্থী আব্দুল কাইয়ুম জালালী পংকী ও নাসিম হোসাইনের সাথে। আর মঙ্গলবার সকালে কথা বলেছেন আরেক প্রার্থী সামসুজ্জামান জামানের সাথে। তবে গত সোমবার তিনি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানিয়েছেন চার মেয়র প্রার্থীর মধ্যে শুধু আরিফুল হক চৌধুরীই। এই অবস্থায় সিলেটে মেয়র পদে দলীয় প্রার্থিতার ব্যাপারে বিএনপির শেষ ঘোষণা কী আসে সেটাই দেখার বিষয়।
