রাসিক মেয়র নির্বাচন

কালো টাকা ছড়াছড়ির আশঙ্কা বিএনপি প্রার্থী বুলবুলের

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৩৯
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই মহাজোটের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে ‘কালোটাকা’র খেলা দেখানোর আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সোমবার রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বুলবুল তার এই আশঙ্কার কথা জানান। বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য বুলবুল আরো বলেন, ‘সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আয় গত পাঁচ বছরে বেড়েছে ২৪ গুণ। তিনি বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্য করে অবৈধ টাকা কামিয়েছেন। আর সেই টাকা আসন্ন নির্বাচনে তিনি ব্যবহার করবেন। পুরাতন নগর ভবন ভেঙ্গে সেখানে বহুতল ভবন ‘সিটি সেন্টার’ নির্মাণের জন্য সাবেক মেয়র দুর্নীতির মাধ্যমে দলীয় এমপিকে দিয়েছেন। যে জমির দাম ৭শ’ কোটি টাকা, সেই জমি তিনি পিপিপি’র ভিত্তিতে মাত্র ৫০ কোটি টাকায় দিয়ে ফায়দা লুটেছেন।’ সরকার পরিবর্তন হলে এজন্য লিটনের বিরুদ্ধে তারা মামলা করবেন বলেও জানান বুলবুল। সম্পদ প্রসঙ্গে খায়রুজ্জামান লিটনের ব্যাখ্যা রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যায় তিনি বলেন, ‘মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সাথে আমার দাখিলকৃত সম্পদ বিবরণী নিয়ে প্রকাশিত সংবাদে তথ্য বিকৃতি ঘটেছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। প্রকৃত সত্য হলো সম্পদ বিবরণীতে উল্লেখিত ৫৮ লাখ ৭৫ হাজার ৭৭২ টাকার বার্ষিক আয়ের মধ্যে ৫০ লক্ষ টাকা আমার ঢাকাস্থ পারিবারিক প্লট যা ডেভলপারের সাথে বহুতল ভবন নির্মাণের জন্য চুক্তি সম্পাদনের সাইনিং মানির অংশ হিসেবে প্রাপ্ত। এছাড়া মেয়রের দায়িত্ব পালনকালে গত ৫ বছরে প্রতি বছর সম্মানি বাবদ পেয়েছি ৬ লাখ ২১ হাজার ৬০০ টাকা। এ অর্থ সম্পূর্ণ বৈধ উপায়ে অর্জিত এবং এর আয়কর যথাযথভাবে পরিশোধ করেছি। আমার গোদাগাড়ীর পারিবারিক সম্পত্তি নিয়েও এক ধরনের বিভ্রান্তিকর তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রকৃত বিষয় হলো, গোদাগাড়ি উপজেলার পালপুর ইউনিয়নের গোলাই মৌজায় শরিকের অংশ হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমার ১ দশমিক ৬৩ একর পারিবারিক কৃষি জমি রয়েছে। মূল দলিলমূলে ওই সম্পত্তির তদানীন্তন মূল্য ২ হাজার টাকা। ওই মূল্যই বিধিমত আয়কর রিটার্নেও পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোন ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি।